ওয়েব ডেস্ক : টেস্ট ক্রিকেটে ৪০০০ রান ও ৩৫০ উইকেটের নজির গড়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এই কৃতিত্বের সঙ্গে কপিল দেব, ইয়ান বোথাম ও ড্যানিয়েল ভেট্টোরির মতো কিংবদন্তিদের এলিট তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। জাদেজার এই সাফল্যে গর্বিত তাঁর কোচ দেবু মিত্র (Debu Mitra)। কলকাতা টিভির সহকারী ক্রীড়া সম্পাদক জয়জ্যোতি ঘোষকে দেওয়া সাক্ষাৎকারে জাদেজার ক্রিকেটজীবনের শুরুর দিন, ব্যাটিংয়ের উন্নতি এবং ভবিষ্যৎ নিয়েও নানা কথা বলেছেন তিনি।
জাদেজা যে একদিন টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের পাশাপাশি চার থেকে পাঁচ হাজার রান করতে পারবেন, তা আগেই আঁচ করেছিলেন বলে জানিয়েছেন দেবু মিত্র। তাঁর কথায়, “ও যখন পারফরম্যান্স করতে শুরু করেছিল, তখনই মনে হয়েছিল ও অনেক দূর যাবে। এক বছর আগেই আমার মনে হয়েছিল, ও ৪০০ উইকেট নেবে এবং চার থেকে পাঁচ হাজার রানও করবে।”
জাদেজার (Ravindra Jadeja) ব্যাটিংয়ের উন্নতির প্রসঙ্গও উঠে আসে সাক্ষাৎকারে। কোচ জানান, ২০০৮ সালের পর থেকেই ব্যাটিংয়ে বড় পরিবর্তন আসে জাদেজার। পরপর তিনটি ট্রিপল সেঞ্চুরি তাঁর ব্যাটিংয়ের সামর্থ্যকে সামনে নিয়ে আসে। দেবু মিত্র বলেন, “একটা সময় ও ব্যাটিংয়ে সেভাবে রানই করত না। ২০০৮ সালের পর ব্যাটিংটা ইমপ্রুভ করে। পরপর তিনটে ট্রিপল সেঞ্চুরি মেরে দেখিয়ে দেয় ও কী করতে পারে।”
আরও খবর : কলকাতায় আসছে ব্রাজিল! ভারত ম্যাচের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল ফুটবল ফেডারেশনের
ভারতীয় দলে জায়গা করে নেওয়ার সময়ের একটি বিশেষ ঘটনার কথাও জানান জাদেজার কোচ। তাঁর কথায়, “একদিন ও আমাকে জিজ্ঞেস করেছিল, সাদা পোশাকে ভারতীয় দলের হয়ে খেলতে চাইলে কী করতে হবে। আমি জাস্ট বললাম ওকে যে এরকম এরকম কর, তোর যা খেলা আছে তুই যখন তখন ঢুকে যেতে পারবি টিমে।”
এরপর বাংলার বিরুদ্ধে জাদেজার সেই গুরুত্বপূর্ণ ম্যাচের কথাও তুলে ধরেন দেবু মিত্র। তিনি বলেন, “আমি শুধু ওকে বলেছিলাম, তুই আজ নট আউট থাকবি। আজ টিম সিলেকশন হবে, তুই সাদা কাপড় পরেও ইন্ডিয়া টিমে ঢুকে যাবি। ও নট আউট ছিল। আমরা ম্যাচটা জিতলাম, বাংলাকে আউটরাইট হারালাম। এরপর ও টিমে ঢুকে গেছে।” জাদেজার মানসিকতার প্রশংসা করে তাঁর কোচ আরও বলেন, “ও ভীষণ ডিটারমিনড ক্রিকেটার।”
ওয়ানডে ক্রিকেট থেকে জাদেজার (Ravindra Jadeja) সরে যাওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেন দেবু মিত্র। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁকে দেখা উচিত কি না, সেই প্রশ্নের উত্তরে তাঁর সাফ বক্তব্য, “আমার তো মনে হয় ওকে খেলানো উচিত। হি ইজ এ থ্রি ইন ওয়ান। ও ব্যাটিং করে দেবে, বোলিং করে দেবে, ফিল্ডিংয়ে রান সেভ করে দেবে।”
ওয়ানডে থেকে জাদেজার অবসর নিয়েও নিজের মত জানান তাঁর কোচ। দেবু মিত্র বলেন, “ওয়ানডে কেন ছেড়ে দিল, আমি সেটা বুঝতে পারছিলাম না। ওয়ানডেটা ওর খেলা উচিত ছিল।” তাঁর মতে, বর্তমান সময়ে জাদেজার মতো তিন বিভাগেই অবদান রাখতে পারা ক্রিকেটার খুব বেশি নেই। ফলে ২০২৭ বিশ্বকাপের মতো বড় মঞ্চে জাদেজার অভিজ্ঞতা ভারতের কাজে আসতে পারে।







