আলিপুরদুয়ার: পুজো শেষ হতেই বন্ধ হয়ে গেল ডুয়ার্সের দুটি চা বাগান। আলিপুরদুয়ার জেলার ভার্ণাবাড়ি ও কোহিনুর চা বাগানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে প্রায় তিন হাজার শ্রমিক পরিবার। বাগান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলি। সংশ্লিষ্ট ম্যানেজারদের গ্রেফতারের দাবিও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে ভার্ণাবাড়ি চা বাগানের শ্রমিকদের বোনাস দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু বাগানের কর্মচারী, স্টাফ, সাব-স্টাফ এবং কয়েক জন অস্থায়ী শ্রমিক বোনাস পাননি বলে অভিযোগ। তাঁদের বকেয়া বোনাস না মিটিয়েই কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায় বলে দাবি। পুজোর পর বাগানে লকআউটের নোটিশ দেওয়া হয়।
এর ফলে ভার্ণাবাড়ি চা বাগানের প্রায় ১,৮০০ শ্রমিক পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের সংসার কী ভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় শ্রমিকেরা। নিয়মিত রোজগার বন্ধ হয়ে গেলে দৈনন্দিন খরচ সামলানোও কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা।
অন্য দিকে, কোহিনুর চা বাগানেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, সেখানকার ম্যানেজমেন্টও বাগান ছেড়ে চলে গিয়েছে। বাগানে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ টাঙানো হয়েছে বলে জানা গিয়েছে। ফলে দুটি বাগানেই কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমিকেরা।
পুজোর পরেই পরপর দুটি চা বাগান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় ডুয়ার্সের চা শিল্পের শ্রমিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। শ্রমিক সংগঠনগুলির দাবি, কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করতে হবে।
এখন কবে দুই বাগানে ফের কাজ শুরু হবে, শ্রমিকদের বকেয়া বোনাসের কী হবে এবং কর্তৃপক্ষের তরফে পরবর্তী পদক্ষেপ কী, সেই প্রশ্নগুলির উত্তর অধরা। আপাতত কাজ হারানোর আশঙ্কা ও আর্থিক অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে কয়েক হাজার শ্রমিক পরিবারের।







