HomeScrollহিঙ্গলগঞ্জে আর্থিক প্রতারণার অভিযোগ, বাড়িতে টাকা চাইতে হাজির প্রতারিতরা, গ্রেফতার অভিযুক্ত
Basirhat

হিঙ্গলগঞ্জে আর্থিক প্রতারণার অভিযোগ, বাড়িতে টাকা চাইতে হাজির প্রতারিতরা, গ্রেফতার অভিযুক্ত

ভুয়ো অফিস খুলে ঋণ পাইয়ে দেওয়ার নামে টাকা ও নথি নেওয়ার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতিতে হস্তক্ষেপ পুলিশের

ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জে আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। ধৃতের নাম শিবনাথ সরকার। তিনি হিঙ্গলগঞ্জের কেওড়াখালি এলাকার বাসিন্দা। অভিযোগ, বিভিন্ন এলাকায় ভুয়ো অফিস খুলে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা ও গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করতেন তিনি।

অভিযোগকারীদের দাবি, ‘ড্রিম ফিনান্সিয়াল সার্ভিসেস মানি ইজ ফিউচার’ নামে একটি সংস্থার কর্ণধার হিসেবে পরিচয় দিতেন শিবনাথ। বসিরহাট, বামনগাছি, বারাসাত-সহ একাধিক জায়গায় তাঁর কার্যকলাপ চলত বলে অভিযোগ। ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে আধার কার্ড-সহ বিভিন্ন নথি নেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন অভিযোগকারীরা। বসিরহাটের (Basirhat) একাধিক বাসিন্দার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় হিঙ্গলগঞ্জের সংগীতা মণ্ডল নামে আরও এক মহিলার নামও উঠে এসেছে। অভিযোগ, শিবনাথের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন। টাকা নেওয়ার পর শিবনাথ দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। মঙ্গলবার তাঁর বাড়িতে বেশ কয়েকজন অভিযোগকারী টাকা ফেরতের দাবি নিয়ে পৌঁছন। তাঁদের সঙ্গে বচসা ও উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ (Police) ঘটনাস্থলে যায়। এরপরই শিবনাথকে গ্রেফতার করা হয়।

আরও খবর : রাখিবন্ধন অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসত বিশ্ববিদ্যালয়, দু’পক্ষের সংঘর্ষে হাসপাতালে ভর্তি আহত পড়ুয়া

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে আরও একাধিক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। কয়েকজন মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তাঁদের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। কীভাবে প্রতারণার জাল ছড়ানো হয়েছিল এবং এর সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগকারীদের দাবি, তাঁদের কাছ থেকে নেওয়া টাকা দ্রুত ফেরতের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে ভুয়ো সংস্থার মাধ্যমে কতজনের সঙ্গে প্রতারণা হয়েছে, সেই হিসাবও প্রকাশ্যে আনার দাবি উঠেছে। তদন্ত এগোলেই ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News