HomeScrollট্রেলার শেষ, অবশেষে বাংলায় ঢুকল বর্ষা! কলকাতা-সহ ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
Rain

ট্রেলার শেষ, অবশেষে বাংলায় ঢুকল বর্ষা! কলকাতা-সহ ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কোথাও কমলা সতর্কতা

কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণবঙ্গে যেন জাঁকিয়ে বসতে চলেছে বর্ষা। বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের আশঙ্কা, কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যেই প্রবল বর্ষণ হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং বেরোলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে (Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে কয়েকটি এলাকায়।

আরও পড়ুন: ১,২০০ টাকা পঞ্চায়েত করের খবর কি সত্যি? মুখ খুলল রাজ্য সরকার

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজ্যের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্ব বিহার এবং সংলগ্ন উপ-হিমালয় পশ্চিমবঙ্গ-সিকিমের উপর একটি শক্তিশালী ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত কারণের জেরেই বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা। অন্য দিকে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবারও পরিস্থিতির বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পরামর্শ, ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।

[youtube-feed feed=1]
Read More

Latest News