হুগলি: প্রেমিকার পছন্দ ফুটবল, আর প্রিয় ক্লাব মোহনবাগান (Mohun Bagan)। তাই প্রেম দিবসের আগে প্রেমিকাকে উপহার দিতে গোটা বাড়িকেই প্রিয় ক্লাবের জার্সির রংয়ে রাঙিয়ে দিলেন বাগান-ভক্ত প্রেমিক। হুগলির (Hooghly) বৈদ্যবাটির এই যুগলের কাছে প্রেমের রং যেন লাল নয়, সবুজ-মেরুন। আর এই ব্যতিক্রমী ভাবনা ও কাজের জন্য ভ্যালেন্টাইন্স ডে-র (Valentine’s Day) আগেই নজর কাড়ল ফুটবলপ্রেমী বঙ্গপ্রেমিকের এই কীর্তি।
বৈদ্যবাটির ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভজিৎ ঘোষের বাড়ি এখন এলাকায় পরিচিত ‘মোহনবাগান বাড়ি’ নামে। কারণ তাঁর গোটা পরিবারই মোহনবাগান-ভক্ত। ২০০৬ সাল থেকে বাবার সঙ্গে মোহনবাগানের খেলা দেখা শুরু শুভজিতের। সেই থেকেই ক্লাবের প্রতি অন্ধ ভালোবাসা। ঘটনাচক্রে যাঁকে মন দিয়েছেন শুভজিৎ, সেই শ্রমণা নন্দীও মোহনবাগানের সমর্থক। একই পাড়ায় বাড়ি হলেও পড়াশোনার সূত্রে তাঁদের আলাপ। বৈদ্যবাটির হাতিশালা ঘাটে প্রথম দেখা, সেখান থেকেই বন্ধুত্ব এবং অল্প সময়ের মধ্যেই প্রেম।
আরও পড়ুন: প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন মেরি কম!
আর কিছু দিনের মধ্যেই শুভজিৎ ও শ্রমণার বিয়ে। সেই উপলক্ষেই বিয়ের আগে যে বাড়িতে তাঁরা থাকবেন, সেটিকে মোহনবাগানের জার্সির রঙে সাজিয়ে তুলেছেন শুভজিৎ। বাড়ির বাইরের দেওয়াল জুড়ে সবুজ-মেরুন রং, প্রবেশপথের উপরেই বসানো মোহনবাগান ক্লাবের লোগো—পাল তোলা নৌকা। সবুজ-মেরুনে রাঙানো বাড়িই আজ শুভজিতের প্রেমের অঙ্গীকার। অনেকেই আবার এটিকে দেখে এক অনন্য ভালোবাসার গল্পের আখ্যাও দিচ্ছেন।
দেখুন আরও খবর:







