কলকাতা: সরকারি পরিষেবা নিয়ে অভিযোগ বা সমস্যার কথা জানাতে আর ঘুরতে হবে না দফতরে দফতরে। এবার সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছেই নিজেদের সমস্যা জানাতে পারবেন সাধারণ মানুষ। সেই লক্ষ্যেই নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার (State Government)।
সূত্রের খবর, নবান্নে বসেই নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে মানুষের অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের বিভিন্ন স্তরে কাজের গতি বাড়ানো এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: পার্ক সার্কাসে বাড়ল নিরাপত্তা! পুলিশের নজরে প্রতিটি মোড়, বাড়ানো হল টহলদারি
রাজ্য সরকারের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি পরিষেবা নিয়ে সাধারণ মানুষের একাধিক অভিযোগ জমছিল। কোথাও কাজের দেরি, কোথাও দুর্নীতির অভিযোগ সেই সব বিষয় সরাসরি নজরে আনতেই এই উদ্যোগ। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দফতরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে বলেও প্রশাসনিক সূত্রে খবর।
নতুন সরকারের শুরু থেকেই ‘সুশাসন’কে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে এই ‘জনতার দরবার’ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সরকারি কর্মপদ্ধতিতে বদল আনতে আগামী দিনে আরও কিছু নতুন পদক্ষেপ করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে নবান্ন সূত্রে।







