কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি (BJP) সরকারের প্রথম রাজ্য বাজেটে (West Bengal State Budget 2026) সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি স্পষ্ট জানান, রাজ্যে বর্তমানে চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্প অব্যাহত থাকবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ছিল ব্যাপক আগ্রহ। বিশেষ করে পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। সেই আবহেই অর্থমন্ত্রীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘সব সামাজিক প্রকল্পই থাকবে, ১ লক্ষ সরকারি চাকরি ঘোষণা অর্থমন্ত্রীর
বাজেট বক্তৃতা স্বপন দাশগুপ্ত বলেন, “সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, প্রকল্পগুলি বন্ধ না করে প্রয়োজন অনুযায়ী সংস্কার ও পুনর্বিন্যাসের পথে হাঁটতে চায় সরকার।
অর্থমন্ত্রী জানান, রাজ্যের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চালু বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পকে আরও কার্যকর করে তোলাই সরকারের লক্ষ্য। প্রকল্পগুলির বাস্তবায়ন, উপভোক্তা নির্বাচন এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও দক্ষতার উপর জোর দেওয়া হবে বলেও ইঙ্গিত মিলেছে। বাজেটের অন্যান্য ঘোষণা এবং বিভিন্ন খাতে বরাদ্দের দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহল, অর্থনীতিবিদ এবং সাধারণ মানুষের।







