ওয়েব ডেস্ক : জমি দখল ও প্রতারণার অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh), তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ-সহ মোট ছয় জনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হল। অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানায় প্রতারণা, ভয় দেখানো, অপরাধমূলক হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ (Police)।
পুলিশ সূত্রে খবর, প্রথমে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। তবে ঘটনাস্থল বিধাননগর উত্তর থানার অন্তর্গত হওয়ায় ওই থানা অভিযোগ নেয়। এরপর বিধাননগর উত্তর থানা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
আরও খবর : মঙ্গলবারের কালবৈশাখীর তাণ্ডবের পর আজ কেমন থাকবে আবহাওয়া?
অভিযোগকারী একজন হোটেলের মালিক বলে জানা গিয়েছে। তিনি দাবি করেছেন, ২০১৭ সালে তাঁর প্রায় চার কোটি টাকা মূল্যের বাড়ি ও জমি প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করা হয়। তাঁর আরও অভিযোগ, সম্পত্তির পরিবর্তে ২৫ লক্ষ টাকা করে দুটি চেক দেওয়া হয়েছিল। কিন্তু, তিনি সেই লেনদেনে সম্মতি দেননি। পরে আরও ৫০ লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্টে পাঠান অতীনরা। অভিযোগকারীর দাবি, এরপরে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। সেই সময় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল বলে অভিযোগ।
এই অভিযোগের ভিত্তিতেই অতীন ঘোষ (Atin Ghosh), তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ এবং আরও চার জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্তকারীরা জমির মালিকানা, আর্থিক লেনদেন, ব্যাঙ্ক সংক্রান্ত নথি ও অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন।
দেখুন অন্য খবর :







