কলকাতা: রথযাত্রার (Rath Yatra 2026) আনন্দে এবার বারবার বাধা হয়ে দাঁড়াতে পারে বর্ষা (Monsoon in Bengal)। বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Rain Forecast)। শুধু রথের দিনই নয়, আগামী সপ্তাহান্ত পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে (Weather Update)।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: ‘বেইমানদের জন্য ক্ষমাপ্রার্থী’, বিদ্রোহের মাঝেই ‘শূন্য’ থেকে ফের লড়াইয়ের বার্তা মমতার
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমার কোনও লক্ষণ নেই। বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। শুক্রবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার-সহ একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এ দিকে পুরীতেও রথযাত্রার দিন সকাল থেকেই বৃষ্টি অব্যাহত। বৃষ্টিকে উপেক্ষা করেই রথের রশি টানতে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত। পশ্চিমবঙ্গেও রথযাত্রার নানা আয়োজনের মধ্যে আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রশাসনিক কর্তারা।
আবহাওয়া দফতরের মতে, নিম্নচাপজনিত অনুকূল পরিস্থিতির জেরেই এই বৃষ্টিপাতের প্রবণতা। যাঁদের প্রয়োজনীয় কাজে বাইরে বেরোতে হবে, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জল জমার সম্ভাবনা, বজ্রপাত এবং দমকা হাওয়ার ঝুঁকি মাথায় রেখে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলারও আবেদন করা হয়েছে।







