কলকাতা: চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর পুজোর বাকি দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করল ফোরাম ফর দুর্গোৎসব। মণ্ডপের ভিতরে সেলফি তোলা ও ভিডিয়ো করার উপর নিষেধাজ্ঞা থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বৃদ্ধি এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা—একাধিক বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বৈঠকে শহরের শতাধিক পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ৭২ ঘণ্টা নির্বিঘ্নে পুজো দর্শন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ফোরাম। সমস্ত পুজো কমিটিকে নির্দেশগুলি মেনে চলার আবেদন করা হয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিটি পুজোমণ্ডপের প্রবেশপথে স্বেচ্ছাসেবক অথবা ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সদস্যকে থাকতে হবে। শুধু মণ্ডপের ভিতরে নয়, বাইরের রাস্তাতেও ভিড় সামলানোর কাজে সক্রিয় ভূমিকা নিতে হবে তাঁদের। কোথাও অতিরিক্ত ভিড় জমলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
মণ্ডপের ভিতরে সেলফি তোলা বা ভিডিয়ো করার উপরেও নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত হয়েছে। মাইকের মাধ্যমে নিয়মিত ঘোষণা করে দর্শনার্থীদের এই বিধি সম্পর্কে জানাতে হবে। পাশাপাশি, ক্লাবের সদস্যদের অন্য পাড়ায় ঠাকুর দেখতে যাওয়ার বদলে নিজের এলাকার পুজোয় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃষ্টির মধ্যে স্বেচ্ছাসেবকদের কাজের সুবিধার জন্য প্রতিটি ক্লাবকে ১০টি করে রেইনকোট দেওয়া হবে। এর খরচ বহন করবে ফোরাম। জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের জন্য ক্লাবগুলিকে ওয়াকিটকি রাখার কথাও বলা হয়েছে।
প্রতিটি জোনে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে। কোনও দর্শনার্থী অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনা ঘটলে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া, রাস্তার উপর গর্ত করা যাবে না। কোথাও গর্ত থাকলে তা দ্রুত বুজিয়ে নিরাপদে চলাচলের ব্যবস্থা করতে হবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে।
চোরবাগানের ঘটনার পর এই পদক্ষেপগুলি কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর। উৎসবের আনন্দের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই পুজো উদ্যোক্তাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ।







