ওয়েব ডেস্ক : ভারত-চীন সীমান্তে (India-China Border) ফের উত্তেজনার আবহ। অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় দুই দেশের সেনার মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির প্রধান শত্রুজিৎ কাপুর। সেই বক্তব্যের পরেই শুক্রবার সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানাল বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চীনা সেনা নির্ধারিত টহলদারির নিয়ম থেকে সরে এলে ভারত-চীন সীমান্তের পরিস্থিতি সময়ে সময়ে বিঘ্নিত হয়।
আইটিবিপি প্রধানের বক্তব্য অনুযায়ী, অরুণাচল প্রদেশের একাধিক এলাকায় ভারতীয় ও চীনা সেনার মধ্যে মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতি সামাল দিতে আইটিবিপির ‘শৌর্য’ কমান্ডো দল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে তাঁর বক্তব্যে সরাসরি চীনের নাম উল্লেখ করা হয়নি।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা ভারত-চীন সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভুল বোঝাবুঝি ও উত্তেজনা এড়াতে দুই দেশ কূটনৈতিক এবং সামরিক স্তরের বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ বজায় রেখেছে। সীমান্ত পরিস্থিতির প্রভাব দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের উপরেও পড়ে বলে জানিয়েছে মন্ত্রক।
উল্লেখ্য, অরুণাচল প্রদেশের তাকসিং এলাকায় ভারত ও চীনের সেনার মধ্যে উত্তেজনা নিয়ে আগেও খবর সামনে এসেছিল। গত ৬ সেপ্টেম্বর ওয়াচা-দামাই সীমান্ত বৈঠকস্থলে দুই দেশের সেনার কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠকও হয়।







