ওয়েব ডেস্ক : রাজস্থানের (Rajasthan) দৌসা জেলায় ১৬ বছরের এক অন্তঃসত্ত্বা নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সদ্যোজাতকে নিয়ে হাসপাতালে পৌঁছনোর পরই ঘটনাটি সামনে আসে। চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি দৌসার কোলওয়া থানা এলাকার। নাবালিকার অভিযোগ, একদল যুবক তাঁকে অপহরণ করে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের কাছে একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই অবস্থাতেই তাঁর প্রসববেদনা শুরু হয় এবং ঘটনাস্থলেই সন্তানের জন্ম দেন তিনি। পরে এক পুরুষ বন্ধুর বাইকে চেপে হাসপাতালে পৌঁছন নাবালিকা।
আরও খবর : মুম্বইয়ে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগের সন্দেহে গ্রেফতার যুবক, তদন্তে এটিএস
হাসপাতালে সদ্যোজাতের মৃত্যুর খবর জানার পর কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। এরপরই তদন্ত শুরু হয়। দৌসার পুলিশ সুপার কুন্দন কানওয়ারিয়া জানিয়েছেন, ঘটনার গুরুত্ব বিবেচনা করে নাবালিকার বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশকে। এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।







