ওয়েব ডেস্ক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার সন্দেহে মুম্বইয়ের (Mumbai) মাহিম এলাকা থেকে ৩৩ বছরের এক যুবককে গ্রেফতার করল মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা বা এটিএস (ATS)। ধৃতের নাম মহম্মদ হাসান আবু সারমাদ আখতার। গোপন সূত্রে খবর পেয়ে মাহিম মেট্রো স্টেশনের কাছে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
এটিএসের অভিযোগ, র্যাপিডো চালানো এবং আতর বিক্রির কাজের আড়ালে অভিযুক্ত উগ্র মতাদর্শ প্রচার করত অভিযুক্ত। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ ও দেশবিরোধী মনোভাব ছড়ানোর চেষ্টা করেছিল বলেও অভিযোগ। তাঁর মোবাইল ফোন থেকে এই সংক্রান্ত কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার।
তদন্তকারীদের আরও দাবি, অভিযুক্ত একটি টেলিগ্রামে একটি পেজ পরিচালনা করত। সেখানে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের বাবরি মসজিদ-সহ বিভিন্ন বিষয় নিয়ে করা উসকানিমূলক অডিয়ো বক্তৃতা আপলোড করা হয়েছিল বলে অভিযোগ। ‘আইবিএন-ই-কাসিম’ নামে পাকিস্তান-সমর্থিত একটি চরমপন্থী টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে দাবি এটিএসের। এই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে।
এই গ্রেফতারির কয়েক মাস আগে গুজরাত এটিএসও জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার সন্দেহে একটি পৃথক মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছিল। পাটান জেলার সিদ্ধপুর তালুকের খাদিয়াল গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। তদন্তকারীদের দাবি, এর আগে গ্রেফতার হওয়া আট সন্দেহভাজন জইশ-যোগীর তদন্তের সূত্র ধরেই ওই পাঁচ জনের নাম সামনে আসে।
গুজরাতের মামলায় সরকারি আইনজীবী পি আর দন্তানি আদালতে জানিয়েছিলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তৈরির সামগ্রী এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পর্কিত উর্দু সাহিত্য কোথা থেকে এসেছে, তা জানার প্রয়োজন রয়েছে। এক অভিযুক্তের বিরুদ্ধে টাইম বোমা তৈরির চেষ্টার অভিযোগও উঠেছিল। তবে গুজরাতের ওই মামলার সঙ্গে মুম্বইয়ে ধৃত যুবকের কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।






