ওয়েব ডেস্ক : প্রয়াত বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী (Jogen Chowdhury Passed Away )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল শিল্পীকে। দীর্ঘ চিকিৎসার পরেও শেষরক্ষা হল না। তাঁর প্রয়াণে শোকের আবহ শিল্প ও সংস্কৃতি মহলে।
গত এক বছরেরও বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন যোগেন চৌধুরী। চলছিল চিকিৎসা। সম্প্রতি দুর্গাপুজোর সময় মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে জন্ম যোগেন চৌধুরীর। দেশভাগের সময় কলকাতায় চলে আসেন তিনি। এখানেই শিল্পশিক্ষার ভিত তৈরি হয় তাঁর। পরে উচ্চশিক্ষার জন্য প্যারিসে যান। কর্মজীবনে রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারির কিউরেটর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
আরও খবর : সলমনকে ‘ইন্ডাস্ট্রির একমাত্র বাঘ’ বলেছিলেন টাইগার, সেই কারণেই কি হামলা? তদন্তে নয়া তথ্য
ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল যোগেনের। তাঁর বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন জমিদার এবং মা আলপনা আঁকায় দক্ষ ছিলেন। পারিবারিক শিল্পচর্চার পরিবেশ তাঁর শিল্পীসত্তাকে গড়ে তুলতে সাহায্য করে। কর্মজীবনের শুরুতে হাওড়া জেলা স্কুলে শিল্পের শিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসেবে যোগ দেন। পরে মাদ্রাজেও বস্ত্রনকশার কাজ করেছিলেন।
১৯৬৫ সালে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে প্যারিসে শিল্পশিক্ষার সুযোগ পান তিনি। পরবর্তীকালে নিজের স্বতন্ত্র শিল্পশৈলীর মাধ্যমে আন্তর্জাতিক শিল্পমহলে পরিচিতি অর্জন করেন। তাঁর ছবিতে ভারতীয় ও ইউরোপীয় শিল্পধারার প্রভাব স্পষ্ট। সমাজ ও রাজনীতিকে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তুলে ধরার বিশেষ ভঙ্গিও তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল।
শিল্পচর্চার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছিলেন যোগেন চৌধুরী। ২০১৪ সালে রাজ্যসভার সদস্য হন তিনি। তাঁর মৃত্যুতে ভারতীয় শিল্পজগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।







