ঝাড়গ্রাম: এক চালার নীচে লক্ষ্মী, সরস্বতী ও নারায়ণ। এই পুজোকে ঘিরে পাঁচ দিন ধরে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর মানুষের ভিড়। হাড়দা গ্রামের কোজাগরী লক্ষ্মীপুজোর সবচেয়ে বড় আকর্ষণ মেলার একটিমাত্র জিলিপির দোকান। ১৬৪ বছরের ঐতিহ্য বহন করে আজও স্বতন্ত্র রীতিতে পুজো হয়ে আসছে ঝাড়গ্রাম জেলার বিনপুর-২ ব্লকের এই গ্রামে।
কথিত রয়েছে, ১৮৬২ সালে হাড়দার বাসিন্দা অক্রুর মোড়ল স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেন। প্রথমে সাহা ও মণ্ডল পরিবারের উদ্যোগে পুজো শুরু হলেও সময়ের সঙ্গে তা সর্বজনীন রূপ পেয়েছে। এখানকার প্রতিমার গঠনেও রয়েছে বিশেষত্ব। একই কাঠামোয় লক্ষ্মী ও সরস্বতীর মাথার উপরে থাকেন নারায়ণ। দুই দেবীর দু’পাশে থাকেন চার সখী, যাঁদের স্থানীয় ভাষায় বলা হয় ‘লুক-লুকানি’।
কোজাগরী পূর্ণিমায় পুজো শুরু হয়ে চলে প্রতিপদের ভোর পর্যন্ত। পরে কৃষ্ণপক্ষের তৃতীয়ায় ঘট বিসর্জন এবং ষষ্ঠী তিথিতে প্রতিমা নিরঞ্জন হয়। পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে চলে মেলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।
তবে হাড়দার মেলার বিশেষত্ব বলতে প্রথমেই আসে জিলিপির কথা। গোটা মেলায় মাত্র একটি দোকানেই জিলিপি বিক্রির অনুমতি দেওয়া হয়। সেই দোকান বসানোর জায়গার জন্য হয় নিলাম। সর্বোচ্চ দরদাতা দোকান বসানোর সুযোগ পান। আবার জিলিপির দামও নির্ধারণ করে দেয় মেলা কমিটি। স্থানীয়দের দাবি, বাজারের তুলনায় কম দামেই এখানে জিলিপি পাওয়া যায়।
আতপ চালের গুঁড়ো ও বিউলির ডাল দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী জিলিপির স্বাদ নিতে ঝাড়গ্রাম ছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বহু মানুষ আসেন। ধর্মীয় আচার, লোকসংস্কৃতি ও বিশেষ খাবারের মেলবন্ধনে হাড়দার লক্ষ্মীপুজো আজও জঙ্গলমহলের ঐতিহ্যের এক পরিচিত নিদর্শন।






