ওয়েব ডেস্ক : স্কুল থেকেই পড়ুয়াদের মধ্যে রাষ্ট্রবাদী মানসিকতা গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ও তাৎক্ষণিক বক্তৃতার মতো কর্মসূচিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত করার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দেশ জুড়ে ককরোচ জনতা পার্টির বিক্ষেভের মধ্যে এমনটাই বললেন তিনি। তাঁর কথায় ‘আরশোলা’দের পাশাপাশি ‘ছারপোকা’, ‘দিমাগি নকশাল’ এবং ‘টুকরে টুকরে গ্যাং’-এর মতো কথাও উঠে এসেছে।
পূর্ব মেদিনীপুরের রামনগরের চোরবাগানে মৃত কল্পনা জানার বাড়িতে শ্রদ্ধা জানাতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। কৃষি, শিল্প ও শিক্ষা-সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখার পাশাপাশি সিজেপির আন্দোলন নিয়েও কথা বলেন তিনি। সেখানেই ছাত্রছাত্রীদের মধ্যে রাষ্ট্রবাদী চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শুভেন্দু (Suvendu Adhikari)।
মুখ্যমন্ত্রীর প্রস্তাব, প্রতি বছর অন্তত তিন দিন বিতর্ক, কুইজ প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক বক্তৃতার মতো আয়োজনকে স্কুলের সাংস্কৃতিক কর্মসূচির অংশ করা হোক। তাঁর মতে, ভারতবর্ষের ইতিহাসের পাশাপাশি পশ্চিমবঙ্গের ইতিহাসও পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রতিটি স্কুলে ব্রতচারী, জাতীয় সেবা প্রকল্প এবং জাতীয় ক্যাডেট বাহিনীর মতো কর্মসূচি ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেন তিনি।
শিক্ষা ও সংস্কৃতি প্রসঙ্গে বাম ও তৃণমূলকে নিশানা করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। জাতীয় ক্যাডেট বাহিনী বন্ধ করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা এবং পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষেও মত প্রকাশ করেন শুভেন্দু।







