HomeScrollউত্তরপ্রদেশের ভোটার তালিকায় ফের গরমিল! একই নামে ১৩টি এন্ট্রি, পাঁচ আধিকারিকের বিরুদ্ধে...
Uttarpradesh

উত্তরপ্রদেশের ভোটার তালিকায় ফের গরমিল! একই নামে ১৩টি এন্ট্রি, পাঁচ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের প্রস্তুতি

সমাজবাদী পার্টির অভিযোগের পর তদন্তে একাধিক ভুল, বিভাগীয় তদন্ত শুরু করতে নির্দেশ নির্বাচন কমিশনের

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) ভোটার তালিকা নিয়ে ফের বিতর্ক। এবার আজমগড় বিধানসভা কেন্দ্রে একই নামে একাধিক ভোটারের তথ্য নথিভুক্ত থাকার ঘটনায় পাঁচ নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের প্রস্তুতি শুরু করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সমাজবাদী পার্টির অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে ভোটার তালিকায় ‘বিকাশ যাদব’ নামে ১৩টি এন্ট্রির সন্ধান মিলেছে। দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট আধিকারিকদের নোটিস পাঠানোর পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দেওয়া হয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, গত ১৫ অক্টোবর সাংবাদিক বৈঠক করে সমাজবাদী পার্টি অভিযোগ করেছিল, আজমগড় বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় বিকাশ যাদব নামে এক ব্যক্তির নাম ১০ বার নথিভুক্ত রয়েছে। অভিযোগ সামনে আসার পরই বিষয়টি খতিয়ে দেখতে আজমগড়ের জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত তদন্তের রিপোর্ট চাওয়া হয়।

তদন্তের রিপোর্টে জানা যায়, আজমগড়ের ৩৪৭ নম্বর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় হিন্দিতে ‘বিকাশ যাদব’ নামে মোট ১৩টি এন্ট্রি রয়েছে। এর মধ্যে দু’টি নাম নিয়ম মেনে আগেই বাদ দেওয়া হয়েছিল। একই নাম ও বাবার নাম থাকা আরও এক ভোটার গোরক্ষপুর জেলার চৌরি-চৌরা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তিনি আজমগড়ের অন্য ভোটারদের থেকে আলাদা।

বাকি ১১টি এন্ট্রি আজমগড়ের ১১ জন পৃথক ব্যক্তির। তাঁরা প্রত্যেকেই নিজেদের গ্রামের বাসিন্দা। প্রকৃত বিকাশ যাদব ছাড়া অন্য ১০ জনের নাম ও সংশ্লিষ্ট তথ্য সংশোধনের জন্য ফর্ম ৮ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

আরও খবর :  জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার আদালত’, বড় পরিকল্পনা কংগ্রেসের

এই ঘটনায় সংশ্লিষ্ট ভোটার নিবন্ধন কেন্দ্রের কম্পিউটার সহায়ক, বুথ লেভেল অফিসার, তৎকালীন নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং দুই সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিকের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩২ নম্বর ধারায় পদক্ষেপের আগে নোটিস জারির নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, দায়িত্ব পালনে অবহেলা এবং ভোটার তালিকা তৈরির কাজ তদারকিতে গাফিলতির অভিযোগে তৎকালীন নির্বাচনী নিবন্ধন আধিকারিক ও দুই সহকারী আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর জন্য চার্জশিট জারির নির্দেশ দেওয়া হয়েছে। আজমগড় জেলার সব বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতেও জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে কমিশন।

পিলভিটের পর আজমগড়েও ভোটার তালিকার তথ্য নিয়ে অনিয়মের অভিযোগ সামনে আসায় উত্তরপ্রদেশে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News