ওয়েব ডেস্ক : ব্যক্তিগত অভিযোগকে কেন্দ্র করে সরশুনায় চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠল। এক কিশোরীকে চুম্বনের অভিযোগে এক তরুণ, তাঁর বাবা এবং তরুণের এক বন্ধুকে মারধর ও হেনস্থা করার পাশাপাশি বিবস্ত্র করে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। মাথায় বন্দুক ঠেকিয়ে পোশাক খুলতে বাধ্য করা এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় সরশুনা থানা এলাকার খালপার মাঠের সামনে ১৮ বছরের এক তরুণের সঙ্গে ১৩ বছরের এক কিশোরীর দেখা হয়। তরুণের সঙ্গে ছিলেন তাঁর ১৯ বছর বয়সি এক বন্ধু। কথাবার্তার সময় তরুণ কিশোরীকে চুম্বন করেন বলে অভিযোগ। ঘটনাটি দেখে ফেলেন কিশোরীর মামার এক বন্ধু। পরে তিনি কিশোরীর বাবা ও মামাকে বিষয়টি জানান। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, কিশোরীর বাবা প্রদীপ সরকার এবং মামা রাহুল বর্মন দুই তরুণকে ক্ষুদিরামপল্লির একটি বাড়িতে নিয়ে যান। পরে ফোন করে আরও কয়েক জনকে সেখানে ডেকে আনা হয়। বাড়ির ভিতরে দুই তরুণকে দীর্ঘক্ষণ হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর তরুণের বাবাকেও সেখানে ডেকে পাঠানো হয়। তিন জনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁদের পোশাক খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ। বাড়ির সামনের রাস্তায় প্রায় ৫০ মিটার তাঁদের বিবস্ত্র অবস্থায় হাঁটানো হয় বলেও দাবি।
ঘটনার পর তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার সরশুনা থানায় মামলা দায়ের হয়। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অস্ত্র আইনের ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে প্রদীপ সরকার, রাহুল বর্মন এবং কিশোরীর মা রিঙ্কু সরকারকে গ্রেফতার করেছে। ঘটনার প্রকৃত বিবরণ জানতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।







