ওয়েব ডেস্ক : একের পর এক আবহাওয়ার (Weather) পরিবর্তনে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর অবশিষ্টাংশ ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘিরে উদ্বেগ বাড়ছে। শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে একাধিক এলাকা। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়ার এই পরিস্থিতির পিছনে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন একটি নিম্নচাপ অঞ্চল। আন্দামান সাগরের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে নিম্নচাপটি তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে। পরবর্তী পর্যায়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রাথমিক পূর্বাভাসে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এর অভিমুখ থাকার কথা জানিয়েছে ভারতের মৌসম ভবন।
আরও খবর : সাউথ সিটির ২৭ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড! বিদ্যুৎ বিচ্ছিন্ন, সিঁড়ি দিয়ে নামানো হল বাসিন্দাদের
উত্তরবঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা
শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি বাড়তে পারে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় একটানা বৃষ্টি হবে না। কোথাও আকাশ মেঘলা থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবহাওয়ার সামগ্রিক চরিত্রে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।







