HomeScrollরাত ১১টা ৫১ মিনিটে ইতিহাস, এনভিএস-০৩ উৎক্ষেপণে নতুন মাইলফলক ভারতের
ISRO Successfully Launches NVS-03 Satellite

রাত ১১টা ৫১ মিনিটে ইতিহাস, এনভিএস-০৩ উৎক্ষেপণে নতুন মাইলফলক ভারতের

কার্গিল যুদ্ধের অভিজ্ঞতা থেকে তৈরি ভারতের নিজস্ব উপগ্রহনির্ভর দিকনির্দেশ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আত্মনির্ভর মহাকাশ প্রযুক্তিতে নতুন মাইলফলক

ওয়েব ডেস্ক : দেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মহাকাশ গবেষণায় আরও এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করল ভারত। শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি-এফ১৮ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় এনভিএস-০৩ উপগ্রহ (NVS-03 Satellite)। নির্ধারিত উপবৃত্তাকার কক্ষপথে উপগ্রহটিকে সফলভাবে স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ইসরোর (Isro) চেয়ারম্যান ভি নারায়ণন। ভারতের নিজস্ব উপগ্রহনির্ভর দিকনির্দেশ ব্যবস্থা নাভিককে (NavIC-Navigation with Indian Constellation) আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তোলাই এই অভিযানের প্রধান লক্ষ্য। সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁর বক্তব্য, এই অভিযান গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে ভারতের আত্মনির্ভরতার লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।

এনভিএস-০৩ (NVS-03 Satellite) ভারতের দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন উপগ্রহ সিরিজের তৃতীয় সদস্য এবং ভারতীয় আঞ্চলিক নেভিগেশন উপগ্রহ ব্যবস্থার দ্বাদশ উপগ্রহ। আমেরিকার জিপিএসের মতোই ভারতের নিজস্ব অবস্থান নির্ণয় ও দিকনির্দেশ ব্যবস্থা হল নাভিক (NavIC)। দেশের পাশাপাশি সীমানা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় এই ব্যবস্থা অবস্থান নির্ণয়, দিকনির্দেশ এবং সময় সংক্রান্ত পরিষেবা দিতে সক্ষম। সাধারণ নাগরিকদের পাশাপাশি প্রতিরক্ষা ও অন্যান্য কৌশলগত ক্ষেত্রেও এর ব্যবহার গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের উপগ্রহে এল১ ব্যান্ডের সংকেত যুক্ত হওয়ায় স্মার্টফোন, পরিবহণ, বিমান চলাচল এবং সামুদ্রিক পরিষেবায় নাভিকের ব্যবহার আরও বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি এনভিএস-০৩-তে দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু ঘড়ি রয়েছে। উপগ্রহের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত নিখুঁত সময়ের প্রয়োজন হয়। অতীতে একাধিক উপগ্রহে পরমাণু ঘড়ির সমস্যার কারণে নাভিক ব্যবস্থার কার্যকারিতা ধাক্কা খেয়েছিল। সেই সীমাবদ্ধতা কাটিয়ে দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোই এই অভিযানের অন্যতম বড় সাফল্য।

আরও খবর :  ঘূর্ণিঝড় অর্ণবের পরেও দুর্যোগের রেশ! ওড়িশায় প্লাবিত গ্রামের পর গ্রাম, জলবন্দিদের উদ্ধারে হেলিকপ্টার নামানোর ভাবনা

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তা সামনে এসেছিল ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পর। সেই সময় গুরুত্বপূর্ণ অবস্থান নির্ণয় সংক্রান্ত তথ্যের জন্য বিদেশি উপগ্রহ ব্যবস্থার উপর নির্ভরতার সীমাবদ্ধতা উপলব্ধি করে ভারত। এরপরই নিজস্ব উপগ্রহনির্ভর পরিকাঠামো তৈরির উদ্যোগ জোরদার হয়। তবে প্রকল্পের পথে একাধিক প্রযুক্তিগত বাধা এসেছে। বিশেষ করে পরমাণু ঘড়ির কার্যকারিতা নিয়ে সমস্যায় কয়েকটি উপগ্রহ আংশিক বা সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছিল। অন্যদিকে, এই অভিযানে ব্যবহৃত জিএসএলভি মার্ক-২ রকেটের সাফল্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। অতীতে ক্রায়োজেনিক প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়লেও ধারাবাহিক উন্নতির মাধ্যমে উৎক্ষেপণযানটির নির্ভরযোগ্যতা বাড়িয়েছে ইসরো। প্রায় ৫০ মিটার উচ্চতার এবং উৎক্ষেপণের সময় প্রায় ৪২০ টন ওজনের এই তিন স্তরবিশিষ্ট রকেট নির্ধারিত কক্ষপথে এনভিএস-০৩-কে পৌঁছে দিয়েছে। ইসরোর চেয়ারম্যানের মতে, এটি অত্যন্ত নির্ভুল উৎক্ষেপণগুলির অন্যতম।

এনভিএস-০৩ (NVS-03 Satellite)-এর সফল উৎক্ষেপণের ফলে নাভিক ব্যবস্থার সক্ষমতা আরও বাড়ল। তবে ভারতের দীর্ঘমেয়াদি লক্ষ্য সাতটি কার্যকর নেভিগেশন উপগ্রহের পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তোলা। সেই লক্ষ্য পূরণে আগামী দিনে এনভিএস-০৪ এবং এনভিএস-০৫ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা, পরিবহণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন পরিষেবায় নির্ভরযোগ্য নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে বিদেশি ব্যবস্থার উপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে এই পরিকাঠামো গড়ে তোলা ভারতের কাছে কৌশলগতভাবেও অত্যন্ত জরুরি।

[youtube-feed feed=1]
Read More

Latest News