কলকাতা: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আগে ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সোমবার রাতেই ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২২ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে সেটি। নেল্লোর থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে এবং চেন্নাই থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ঘূর্ণিঝড়ের অবস্থান।
সোমবার রাত ১১টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার ভোর ৪টের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী এলাকায়, ওঙ্গোলের দক্ষিণে আছড়ে পড়তে পারে ‘মুরাসু’। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটারে।
এ দিকে বাংলার আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস? মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে। বুধবার থেকে গোটা রাজ্যেই আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা। পাশাপাশি কমতে পারে রাতের তাপমাত্রাও।







