HomeScrollতোলাবাজির প্রতিবাদ করায় বিজেপি কর্মী ও পরিবারের উপর হামলার অভিযোগ! সন্দেশখালিতে কাঠগড়ায়...
Sandeskhali

তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপি কর্মী ও পরিবারের উপর হামলার অভিযোগ! সন্দেশখালিতে কাঠগড়ায় দলেরই নেতারা

সন্দেশখালি: সন্দেশখালিতে ফের রাজনৈতিক সংঘাতের অভিযোগ। তোলাবাজির প্রতিবাদ করায় এক বিজেপি কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলেরই দুই নেতার বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে ওই কর্মীর বাইকও, এমনটাই দাবি অভিযোগকারীর। যদিও অভিযুক্ত নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা তোলাবাজির অভিযোগও তুলেছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে।

ঘটনাটি সন্দেশখালি ২ নম্বর ব্লকের দাঁড়ির জঙ্গল এলাকার। অভিযোগকারী বিজেপি কর্মী সঞ্জীব দাসের দাবি, সন্দেশখালি ২ নম্বর মণ্ডল সভাপতি অর্ণব পাত্র এবং বুথ সভাপতি হিমাংশু পাত্র এলাকায় তোলাবাজি করছেন। এর প্রতিবাদ করাতেই তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাঁকে মারধর এবং তাঁর বাইক ভাঙচুরের অভিযোগও তুলেছেন সঞ্জীব

।সঞ্জীবের বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। অতীতে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন, জেলেও যেতে হয়েছে তাঁকে। প্রাণের ভয়ে একসময় গ্রামছাড়াও থাকতে হয়েছিল বলে দাবি তাঁর। তাঁর অভিযোগ, তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেই মানুষ রাজনৈতিক পরিবর্তন চেয়েছিলেন। অথচ এখন দলেরই কয়েকজন নেতার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠছে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই তিনি প্রতিবাদ করেছিলেন বলে জানিয়েছেন সঞ্জীব।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন মণ্ডল সভাপতি অর্ণব পাত্র। পাল্টা তাঁর দাবি, সঞ্জীব দাসের বিরুদ্ধেই তোলাবাজির হুমকির অভিযোগ রয়েছে। তাঁর বক্তব্য, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা বরদাস্ত করা হবে না।

নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের না হলেও, ঘটনার বিষয়ে সন্দেশখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর।

[youtube-feed feed=1]
Read More

Latest News