HomeScrollহঠাৎ টাকার প্রয়োজন? সরকারি কর্মীদের জন্য নয়া সুবিধা চালু করল রাজ্য
Salary Advance Scheme for Government Employees

হঠাৎ টাকার প্রয়োজন? সরকারি কর্মীদের জন্য নয়া সুবিধা চালু করল রাজ্য

চিকিৎসা থেকে পারিবারিক খরচ, জরুরি প্রয়োজনে মিলবে আর্থিক সহায়তা। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি—দুই ধরনের অগ্রিমের ব্যবস্থা করল অর্থ দপ্তর।

ওয়েব ডেস্ক : হঠাৎ বড় অঙ্কের টাকার প্রয়োজন পড়লে আর্থিক সমস্যায় পড়তে হয় অনেককেই। বিশেষ করে চিকিৎসা, সন্তানের পড়াশোনা কিংবা পারিবারিক কোনও জরুরি খরচ সামলাতে গিয়ে সমস্যায় পড়েন সরকারি কর্মীরাও (Government Employees)। এবার তাঁদের কথা মাথায় রেখে নতুন সুবিধা চালু করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)।

রাজ্য সরকারি কর্মীদের জন্য বেতন অগ্রিম প্রকল্প চালু করেছে অর্থ দফতর। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ৩ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে এই ব্যবস্থা। প্রাথমিকভাবে রাজ্য সরকারের নিয়মিত গ্রুপ এ, বি, সি ও ডি কর্মীরা এর সুবিধা পাবেন। তবে এই সুবিধা আপাতত সকল সরকারি কর্মীর জন্য নয়। যাঁরা ট্রেজারি অথবা পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে এইচআরএমএস বা ডব্লিউবিআইএফএমএস ব্যবস্থায় বেতন পান, তাঁরাই প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে প্রকল্পের আওতা বাড়ানো হতে পারে।

কত টাকা অগ্রিম পাওয়া যাবে?

এই প্রকল্পে দু’ধরনের আর্থিক সুবিধা রাখা হয়েছে। একটি স্বল্পমেয়াদি অগ্রিম। অন্যটি দীর্ঘমেয়াদি অগ্রিম। স্বল্পমেয়াদি অগ্রিমের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাসের নিট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত টাকা পাওয়া যাবে। এই টাকা ৬০ দিনের মধ্যে ফেরত দিতে হবে। সাধারণত পরবর্তী মাসের বেতন থেকে এককালীন কিস্তিতে টাকা কেটে নেওয়া হবে। ধরা যাক, কোনও কর্মীর মাসিক নিট বেতন ২০ হাজার টাকা। সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ ১০ হাজার টাকা অগ্রিম পেতে পারেন।

আরও খবর :  স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো : বিচারপতি অর্জুন রায় মুখার্জির

দীর্ঘমেয়াদি অগ্রিমের সুবিধা

বড় অঙ্কের খরচের জন্য রয়েছে বহু মাসের অগ্রিমের ব্যবস্থা। এই ক্ষেত্রে ২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত পরিশোধের সময় পাওয়া যাবে। অর্থাৎ, পাঁচ বছর পর্যন্ত সময় নিয়ে টাকা ফেরত দেওয়া সম্ভব। এই ব্যবস্থায় কর্মীরা তাঁদের নিট মাসিক বেতনের সর্বোচ্চ ৩০ গুণ পর্যন্ত অগ্রিম পাওয়ার যোগ্য হতে পারেন। উদাহরণ হিসেবে, মাসে ২০ হাজার টাকা নিট বেতন হলে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। তবে চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদন করতে হবে এইচআরএমএস অথবা ডব্লিউবিআইএফএমএস ব্যবস্থার মাধ্যমে। এই প্রকল্পে ব্যাঙ্ক এবং রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত আর্থিক সংস্থাগুলি যুক্ত থাকবে। ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থা প্রয়োজনীয় পরিচয় যাচাই করবে। তবে কর্মীর স্পষ্ট ডিজিটাল সম্মতি ছাড়া তাঁর তথ্য কোনও আর্থিক সংস্থার সঙ্গে ভাগ করা হবে না। একই সময়ে একজন কর্মীর সম্মতি কেবল একজন পরিষেবা প্রদানকারীর কাছেই কার্যকর থাকবে।

আবেদন অনুমোদিত হলে সাধারণত ৬০ সেকেন্ড থেকে কয়েক ঘণ্টার মধ্যে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা রয়েছে। পরে বেতন থেকে নির্ধারিত টাকা কেটে নেওয়া হবে ট্রেজারি বা ডিডিও-র মাধ্যমে। অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রয়োজনে নিয়মে পরিবর্তন আনতে পারবে সরকার। প্রকল্পের মেয়াদ বাড়ানো, সংশোধন করা কিংবা বন্ধ করার অধিকারও অর্থ দফতরের হাতে থাকবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News