HomeScrollনির্বাচন কমিশনারদের আইনি রক্ষাকবচ নিয়ে প্রশ্ন, কেন্দ্রকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট
Supreme Court

নির্বাচন কমিশনারদের আইনি রক্ষাকবচ নিয়ে প্রশ্ন, কেন্দ্রকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট

দায়িত্ব পালনের নামে কোনও কাজের জন্য কি আজীবন আইনি দায়মুক্তি পেতে পারেন নির্বাচন কমিশনাররা? ২০২৩ সালের আইনের ১৬ নম্বর ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে মামলা, ১৮ ডিসেম্বর পরবর্তী শুনানি।

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনারদের (Election Commissioners) জন্য আজীবন আইনি রক্ষাকবচ! এই সুরক্ষা কি আদৌ সংবিধানসম্মত? ২০২৩ সালের আইনের একটি ধারাকে ঘিরে এবার সেই প্রশ্নই উঠল সুপ্রিম কোর্টে (Supreme Court)। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে বলা হয়েছে।

বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হয়। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ ঝা এবং সমাজকর্মী অরুণ আগরওয়াল পৃথকভাবে এই মামলা দায়ের করেছেন। আগামী ১৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। বিতর্কের কেন্দ্রে ২০২৩ সালের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ এবং চাকরির শর্ত সংক্রান্ত আইনের ১৬ নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় বা দায়িত্ব পালনের দাবি করে কোনও কাজ, পদক্ষেপ কিংবা মন্তব্যের জন্য বর্তমান বা প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা গ্রহণ করা যাবে না। এমন মামলা চলতে থাকলেও তা আর এগোনো যাবে না।

আরও খবর :  অগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ল দু’বছর, চার বছরের বদলে এবার ছ’বছর

মনোজ ঝার প্রশ্ন, সাংবিধানিক পদে থাকা নির্বাচন কমিশনারদের এমন সুরক্ষা দেওয়া হল কেন? তাঁর দাবি, এই বিধান তাঁদের রাষ্ট্রপতি, সাংসদ এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের থেকেও বেশি আইনি রক্ষাকবচ দিচ্ছে। এমনকি দুর্নীতি বা অপরাধের অভিযোগ উঠলেও এই সুরক্ষা কার্যকর থাকতে পারে।

আবেদনে সংবিধানের ৩৬১ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেছেন মনোজ ঝা। ওই অনুচ্ছেদে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের নির্দিষ্ট আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। অন্যদিকে, সংসদ ও বিধানসভার সদস্যদের বিশেষাধিকার রয়েছে ১০৫ এবং ১৯৪ নম্বর অনুচ্ছেদে। কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যপ্রণালী সংক্রান্ত ৩২৪ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনারদের জন্য এমন দায়মুক্তির উল্লেখ নেই বলে দাবি তাঁর। একই প্রশ্ন তুলেছেন সমাজকর্মী অরুণ আগরওয়ালও। তাঁর বক্তব্য, ১৬ নম্বর ধারার পরিধি অত্যন্ত বিস্তৃত। দুর্নীতি, জালিয়াতি-সহ গুরুতর অপরাধের অভিযোগেও এই বিধান আইনি পদক্ষেপের পথ বন্ধ করে দিতে পারে। তাঁর মতে, নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষা করা জরুরি। কিন্তু সেই স্বাধীনতার অর্থ আইনের ঊর্ধ্বে থাকা নয়।

আবেদনকারীদের আরও যুক্তি, নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বা ভিত্তিহীন মামলা আটকানোর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব। প্রাথমিক বিচারবিভাগীয় যাচাইয়ের মতো পদক্ষেপও করা যেতে পারে। কিন্তু সর্বাত্মক দায়মুক্তি প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এই বিধান কার্যকর থাকলে ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে নাম বাদ পড়া, প্রার্থীদের বিরুদ্ধে পক্ষপাতমূলক পদক্ষেপ কিংবা নির্বাচন কমিশনের কাজে দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্ত নাগরিকদের আইনি প্রতিকার পাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা আবেদনকারীদের।

একই বিষয়ে আগে দায়ের হওয়া একটি মামলার সঙ্গে এই আবেদনগুলিও যুক্ত করে শুনানি করবে সুপ্রিম কোর্ট। এখন দেখার, ১৬ নম্বর ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে কেন্দ্র কী যুক্তি দেয় এবং শেষ পর্যন্ত আদালত কী সিদ্ধান্ত নেয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News