ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও তার সম্পূর্ণ প্রভাব দেশের সাধারণ মানুষ ও কৃষকদের উপর পড়তে দেয়নি কেন্দ্রীয় সরকার। ডিজেলের দাম লিটার প্রতি ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রয়োজন তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৭ টাকা দাম বাড়ানো হয়েছে। বাকি ৪৩ টাকার আর্থিক বোঝা সরকার নিজেরাই বহন করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
মোদির বক্তব্য, পশ্চিম এশিয়ার সংঘাতের কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছে যায়। এর ফলে ভারতের সামনেও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধির সম্পূর্ণ চাপ সাধারণ নাগরিক এবং কৃষকদের উপর চাপিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর দাবি, এই পরিস্থিতিতে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকার আর্থিক বোঝা বহন করতে হচ্ছে কেন্দ্রকে। একই সময়ে প্রতিবেশী দেশগুলিতে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলেও দাবি করেন তিনি।
আরও খবর : বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের এই শহর! AQI ছাড়াল ১০০০, শ্বাস নেওয়াই দায়
কৃষকদের আর্থিক সুরক্ষার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সারেও ভর্তুকির বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, গত ১২ বছরে কৃষকদের সাশ্রয়ী দামে সার সরবরাহ নিশ্চিত করতে ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে যে ডিএপি সারের বস্তার দাম প্রায় ৫ হাজার টাকা, ভারতীয় কৃষকদের তা দেওয়া হচ্ছে মাত্র ১ হাজার ৩০০ টাকায়। একইভাবে আন্তর্জাতিক বাজারে প্রায় ৩ হাজার টাকা দামের এক বস্তা ইউরিয়া দেশের কৃষকদের জন্য ৩০০ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। মোদির কথায়, কৃষিকাজের খরচ নিয়ন্ত্রণে রাখা এবং কৃষকদের সারের জোগান সাশ্রয়ী করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি ও সারের দাম নিয়ন্ত্রণে রাখা কৃষকদের আয় এবং দেশের কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলেও তার আর্থিক প্রভাব যাতে সরাসরি কৃষক ও সাধারণ মানুষের উপর না পড়ে, সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপ করেছে সরকার।







