ওয়েব ডেস্ক : ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের পরিচিত RAC ব্যবস্থা কি এবার বন্ধ হতে চলেছে? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। ভারতীয় রেল এই সংরক্ষণ পদ্ধতি তুলে দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। বর্তমানে RAC টিকিটে দু’জন যাত্রীকে একটি সাইড লোয়ার বার্থ ভাগ করে নিতে হয়। অথচ দু’জনকেই দিতে হয় সম্পূর্ণ টিকিটের ভাড়া। এই ব্যবস্থার যৌক্তিকতা নিয়েই নতুন করে প্রশ্ন উঠেছে।
RAC বা Reservation Against Cancellation ব্যবস্থায় নিশ্চিত বার্থ না থাকলেও ট্রেনে যাত্রার সুযোগ পান যাত্রীরা। সাধারণত একটি বার্থে দু’জনের বসার ব্যবস্থা করা হয়। রাতে সেই জায়গাতেই দু’জনকে ভাগ করে শুতে হয়। কোনও নিশ্চিত টিকিট বাতিল হলে RAC যাত্রী পূর্ণ বার্থ পাওয়ার সুযোগ পান। তবে একই বার্থে মহিলা ও পুরুষ যাত্রীর আসন পড়লে অনেক সময় সমস্যাও তৈরি হয়।
আরও খবর : নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে পাকিস্তানি গুপ্তচরকে সেনার গোপন তথ্য! গ্রেফতার বায়ুসেনার উইং কমান্ডার
এই ব্যবস্থা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি পেশ করা ৩৬তম রিপোর্টে চার্ট তৈরির পরও RAC থাকা যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে আপত্তি জানানো হয়। যাঁরা আলাদা বার্থ পান না, তাঁদের আংশিক ভাড়া ফেরতের ব্যবস্থা করার সুপারিশও করা হয়েছিল।
তবে এখনই RAC ব্যবস্থা বন্ধ হচ্ছে না। রেলের তরফে কোনও চূড়ান্ত ঘোষণা বা সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। নতুন নিয়ম কার্যকর না হওয়া পর্যন্ত আগের ব্যবস্থাই চালু থাকবে। তাই যাত্রীদের টিকিট কাটার পর পিএনআর স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।







