কলকাতা: শীতের আমেজে বাধা দিতে চলেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ! আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম ‘আকভান’। এর প্রভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ পড়বে না কলকাতাও।
আবহাওয়া মডেলগুলির পূর্বাভাস অনুযায়ী, রবিবার নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ এবং সোমবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার মধ্যবর্তী এলাকায় স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
এর প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হতে পারে। পাশাপাশি কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ঝাড়গ্রাম, হুগলি-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি।







