HomeScrollমায়ামি বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, আহত ২
Miami

মায়ামি বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, আহত ২

যাত্রীবাহী কোপা এয়ারলাইন্সের বিমানের ডানার সঙ্গে ধাক্কা ইউপিএসের পণ্যবাহী বিমানের, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রী

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে চলন্ত অবস্থায় দুই বিমানের সংঘর্ষের ঘটনায় আহত হলেন দু’জন। শনিবার রাত প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে দুর্ঘটনাটি ঘটে। কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ধাক্কা মারে ইউপিএসের একটি পণ্যবাহী বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশে। কোপা এয়ারলাইন্সের বিমানটিতে ১৬৬ জন যাত্রী এবং ছ’জন কর্মী ছিলেন। বিমানটি পানামা সিটি থেকে মায়ামিতে এসেছিল।

সংঘর্ষের পর কোপা এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, বিমানটি টার্মিনালে পৌঁছেছে এবং সমস্ত যাত্রী নিরাপদে নেমে এসেছেন। আহত দু’জনকে বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তাঁদের আঘাত গুরুতর নয় বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাকি যাত্রী এবং বিমানের ছ’জন কর্মী সুস্থ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি। ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছে।

আরও খবর :  ১১৩ দিন অন্তর ভয়ংকর বিস্ফোরণ! নক্ষত্রের আলো বাড়া-কমার রহস্য ভেদ করল নাসা

দুর্ঘটনার পর বিমান নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে দুই বিমানের পাইলটদের কথোপকথনের অডিও সামনে এসেছে। সেখানে কোপা এয়ারলাইন্সের পাইলটকে বলতে শোনা যায়, তাঁদের বিমানে ধাক্কা লেগেছে। বিমান নিয়ন্ত্রণকক্ষের কর্মী ইউপিএস বিমানের চালকদের বিষয়টি জানতে চাইলে তাঁরা জানান, তাঁদের বিমানের ডানা কোপা এয়ারলাইন্সের বিমানে লেগেছে। পরে কোপা বিমানের পাইলট জানান, তাঁদের বিমানের বাঁ দিকের ডানার প্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।

বিমানের এক যাত্রী সিজার ফেরেইরা জানিয়েছেন, অবতরণের পর স্বাভাবিক গতিতে বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে এগোচ্ছিল। আচমকাই অন্য একটি বিমানের ধাক্কায় তাঁদের বিমানটি একদিকে ঝাঁকুনি খায়। প্রথমে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোপা এয়ারলাইন্সের কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং সকলকে আসনে বসে থাকার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত দু’মাসেরও কিছু বেশি সময়ের মধ্যে মায়ামি বিমানবন্দরে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত ৬ সেপ্টেম্বর সান জুয়ান থেকে আসা অ্যামাজনের একটি পণ্যবাহী বোয়িং ৭৬৭ বিমান অবতরণের সময় রানওয়ে পেরিয়ে যায়। বিমানটি বিমানবন্দরের সীমানা প্রাচীর ভেঙে একাধিক গাড়িতে ধাক্কা মারে এবং আগুন ধরে যায়। ওই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল এবং আরও পাঁচ জন আহত হয়েছিলেন। তদন্তকারীদের প্রকাশিত উড়ান সংক্রান্ত তথ্য অনুযায়ী, অবতরণ বাতিলের চেষ্টা করার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে ছাড়িয়ে বেরিয়ে গিয়েছিল।

[youtube-feed feed=1]
Read More

Latest News