ওয়েব ডেস্ক : ডিজে মামলায় অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানানো হয়। তবে ছুটির আগে কেন আদালতের দ্বারস্থ হওয়া হয়নি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।
বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভোটের ফল প্রকাশের পর ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর গত ১৫ মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না করার শর্তে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচও দেওয়া হয়েছিল।
আরও খবর : বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বাংলার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
আদালতের দেওয়া সেই সুরক্ষার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান অভিষেকের আইনজীবী। আইনজীবীর বক্তব্য, আগে ৬ অক্টোবর পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছিল। সেই সময়সীমা বাড়ানোর জন্যই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অন্যদিকে, কলকাতা হাই কোর্টের পূজা অবকাশকালীন বেঞ্চের কাছে আগে কেন আবেদন জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শেষ পর্যন্ত আগামী সপ্তাহের শুক্রবার মামলাটির শুনানি হবে বলে আশ্বাস দিয়েছেন বিচারপতি।







