ওয়েব ডেস্ক : পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Bose) জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)। শনিবার জেলে গিয়ে তাঁকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চেয়েছিল সিবিআই। অনুমতি পাওয়ার পরই তদন্তকারীরা তাঁর মুখোমুখি হন।
দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজিতের বিরুদ্ধে। টাকার বিনিময়ে চাকরি দেওয়া কিংবা নিয়োগের জন্য সুপারিশ করার অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই। এর আগে সুজিত ঘনিষ্ঠ নিতাই দত্ত, প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায় এবং অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাঁদের জেরার সূত্রেই সুজিতের নাম উঠে আসে বলে জানা গিয়েছে।
আরও খবর : ঘূর্ণিঝড়ের শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, দুর্যোগের মেঘ কাটছে কবে?
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের অভিযোগে গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই জেলবন্দি রয়েছেন তিনি। তদন্তে তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগও সামনে আসে। তাঁর ছেলের রেস্তরাঁ ঘিরেও বেআইনি কাজের অভিযোগ ওঠে। এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি।এদিকে কলকাতা হাই কোর্টে সুজিতের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। ফলে জেলেই রয়েছেন তিনি।







