HomeScrollবিরোধী দলনেতার সুবিধা ভোগ নিয়ে বিতর্ক, ঋতব্রতকে নিশানা করে থানায় শোভনদেব
Sovandeb Chattopadhyay

বিরোধী দলনেতার সুবিধা ভোগ নিয়ে বিতর্ক, ঋতব্রতকে নিশানা করে থানায় শোভনদেব

১৮ অক্টোবর শেষ হয়েছে হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ, তারপরও বেতন ও সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ তুলে থানায় বর্ষীয়ান তৃণমূল বিধায়ক

ওয়েব ডেস্ক : হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গিয়েছে। তারপরও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এবং মুখ্য সচেতক আখরুজ্জামান (Akhruzzaman) কীভাবে সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন? এই প্রশ্ন তুলে এবার হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। শনিবার থানায় গিয়ে অভিযোগ জানানোর চেষ্টা করেন তিনি। তবে তাঁর অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। পুরো বিষয়টি বিধানসভার অধ্যক্ষের এক্তিয়ারভুক্ত বলে তাঁকে জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রবীণ নেতা।

শোভনদেবের অভিযোগ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী ঋতব্রত ও আখরুজ্জামান নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালনের অনুমতি পেয়েছিলেন। সেই নির্দেশের মেয়াদ শেষ হয়েছে গত ১৮ অক্টোবর। তা সত্ত্বেও তাঁরা বেতন ও অন্যান্য সরকারি সুবিধা নিচ্ছেন বলে দাবি বর্ষীয়ান বিধায়কের। তাঁর মতে, মেয়াদ শেষ হওয়ার পরও এভাবে সুবিধা ভোগ করা অপরাধ। থানা থেকে বেরিয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করবেন।

আরও খবর :  পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়ে সুজিত বসুকে জেরা সিবিআইয়ের!

শোভনদেবের অভিযোগ ঘিরে পালটা আক্রমণ করেছে ঋতব্রত শিবির। মুখপাত্র ঋজু দত্ত কটাক্ষ করে বলেন, আইএনটিটিইউসিতে যুক্ত থাকার সময় শোভনদেব কী কী সুবিধা পেয়েছেন, তা প্রকাশ্যে এলে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। ফলে বেতন ও পদ সংক্রান্ত আইনি প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৃণমূলের অন্দরে মতবিরোধ দেখা দেয়। শোভনদেবকে ওই পদে বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। অন্যদিকে, স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে ঋতব্রত-সহ কয়েকজন বিধায়ক পৃথক প্রস্তাব দেন। পরে স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রতকে বিরোধী দলনেতার দায়িত্ব দেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন শোভনদেব। ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীভাবে ঋতব্রতকে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছিল এবং সিঙ্গল বেঞ্চকে দু’মাসের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল। তবে সেই সময় শেষ হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News