HomeScrollঘূর্ণিঝড়ের বিদায়, এবার কি জাঁকিয়ে শীত? বৃষ্টি কমতেই পারদ পতনের পূর্বাভাস হাওয়া...
West Bengal Weather Update

ঘূর্ণিঝড়ের বিদায়, এবার কি জাঁকিয়ে শীত? বৃষ্টি কমতেই পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের

আপাতত নিষ্ক্রিয় ঘূর্ণিঝড় অ্যাকভানের অবশিষ্টাংশ। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এরপর তিন দিনে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে।

ওয়েব ডেস্ক : বৃষ্টির মেঘ সরতেই দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশে ফিরেছে রোদ। রবিবার সকাল থেকে কলকাতা-সহ একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় অ্যাকভানের প্রভাবও আপাতত কাটতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই ধীরে ধীরে নামতে পারে রাতের তাপমাত্রা।

শনিবারই দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছিল অ্যাকভানের অবশিষ্টাংশ। উত্তর ছত্তীসগঢ় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছিল সেটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার উচ্চতায় ছিল ঘূর্ণাবর্ত। বর্তমানে সেই পরিস্থিতির অবসান হয়েছে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্যও নতুন করে কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও খবর :  হঠাৎ অসুস্থ রেখা পাত্র! কলকাতার হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক

আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তবে পরবর্তী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা কমবে। ফলে রাজ্যের বিভিন্ন জেলায় রাতের দিকে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৪.৮ ডিগ্রি কম ছিল সেই তাপমাত্রা। উত্তরবঙ্গের কোনও জেলায় আপাতত নতুন করে সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। তবে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা।

[youtube-feed feed=1]
Read More

Latest News