ওয়েব ডেস্ক : আগামী ২৫ বছরের জন্য আদানি (Adani) গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ সরবরাহের চুক্তি করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। চুক্তি অনুযায়ী, আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের হাত ধরে রাজ্যে আসবে মোট ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ নিগমের মাধ্যমে এই বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। রাজ্যে বিদ্যুতের ঘাটতি সামাল দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের জুলাই থেকে প্রথম পর্যায়ে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা। এরপর ২০২৯ সালে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হবে আরও ৭৫০ মেগাওয়াট। সব মিলিয়ে ২৫ বছরের চুক্তির আওতায় রাজ্য পাবে ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। সরকারের আশা, এই ব্যবস্থা কার্যকর হলে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় সুবিধা হবে।
আরও খবর : ঘূর্ণিঝড়ের বিদায়, এবার কি জাঁকিয়ে শীত? বৃষ্টি কমতেই পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের
এই প্রকল্পে পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ৪.৬ গিগাওয়াট সৌর ও বায়ুশক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যাটারিচালিত ব্যবস্থার মাধ্যমে ৩.৬ গিগাওয়াট শক্তি উৎপাদনের কথাও জানানো হয়েছে। উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ এবং স্মার্ট মিটার সংক্রান্ত কাজেও যুক্ত থাকবে আদানি সংস্থা।
এই বিদ্যুৎ কেবল গৃহস্থালির প্রয়োজনেই সীমাবদ্ধ থাকবে না। শিল্প, বাণিজ্য এবং প্রযুক্তি ক্ষেত্রেও তা ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে। আদানি এনার্জি সলিউশনসের সিইও কন্দর্প প্যাটেল জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই চুক্তি তাঁদের সংস্থার কাছে গুরুত্বপূর্ণ। পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহে সংস্থার ভূমিকা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।







