ওয়েব ডেস্ক : কলকাতা-সহ রাজ্যের সাতটি পুরসভার নির্বাচন (Municipal Election) ঘিরে অনিশ্চয়তা কাটল না। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার ও কলকাতা পুরনিগম। ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত আদতে কে নিয়েছিল, তা নিয়ে দুই পক্ষের বক্তব্যে উঠে এল ভিন্ন অবস্থান। বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান, কলকাতা পুরনিগমের প্রশাসক এই ধরনের সুপারিশ করার ক্ষমতা রাখেন কি না। পাশাপাশি, রাজ্যের হাতে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার থাকলেও গোটা প্রক্রিয়ায় আইন মেনে চলা হয়েছিল কি না, সেই প্রশ্নও তোলে আদালত। দু’পক্ষের বক্তব্য শোনার পর আগামী বুধবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার উদ্যোগ ঘিরেই এই আইনি জটিলতার সূত্রপাত। পুনর্বিন্যাসের প্রস্তাব সামনে আসার পর থেকেই বিরোধিতা করে আসছে বিরোধী দলগুলি। বিষয়টি নিয়ে মামলা গড়ায় কলকাতা হাই কোর্টে। এর মধ্যে কলকাতা, হাওড়া-সহ সাতটি পুরসভায় নভেম্বর মাসে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে চলতি মাসের শুরুতে নির্দেশ দেয় হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশের জেরেই আপাতত আটকে রয়েছে ভোটের প্রস্তুতি।
আরও খবর : দেড় হাজার পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ৩ লক্ষ কোটির ধাক্কা বিনিয়োগকারীদের! পতনের নেপথ্যে কী?
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও কলকাতা পুরনিগম। সোমবার দু’টি মামলার একসঙ্গে শুনানি হয়। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, পুরনিগমের সুপারিশের ভিত্তিতেই ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পুরনিগমের আইনজীবীদের বক্তব্য, এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। দুই পক্ষের বক্তব্যের এই ফারাক নজরে আসে বিচারপতি জয়মাল্য বাগচীর। কলকাতা পুরসভায় বর্তমানে মেয়র ও মেয়র পারিষদ না থাকার প্রসঙ্গ তুলে তিনি জানতে চান, তাহলে প্রশাসক কীভাবে এমন সুপারিশ করলেন? তাঁর সেই ক্ষমতা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।
শুনানিতে রাজ্যের সিদ্ধান্ত নেওয়ার আইনি ক্ষমতা নিয়ে প্রশ্নের পাশাপাশি প্রক্রিয়াগত স্বচ্ছতার বিষয়টিও উঠে আসে। বিচারপতি জানতে চান, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম যথাযথভাবে মানা হয়েছিল কি না। জবাবে তুষার মেহতা জানান, আপত্তি জানানোর জন্য সাত দিন সময় দেওয়া হয়েছিল। সেই সময়ে ২৮০টি চিঠি জমা পড়ে, যদিও ৭০ জন শুনানিতে হাজির হননি। সব পক্ষের বক্তব্য শোনার পর বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।







