ওয়েব ডেস্ক : সরকারি চাকরির (Government Jobs) পরীক্ষায় আবেদন করার জন্য আর কোনও ফি দিতে হবে না চাকরিপ্রার্থীদের। আবেদন ফি সম্পূর্ণ মকুবের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। নতুন নিয়মে আবেদনকারীদের হয়ে পরীক্ষার ফি জমা দেবে রাজ্য সরকার।
কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়।” তাঁর বক্তব্য, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় সাধারণ শ্রেণির প্রার্থীদের সবচেয়ে বেশি আবেদন ফি দিতে হয়। অন্যদিকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা।
আরও খবর : ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়া হল রেখা পাত্রের, এখন কেমন আছেন?
শুভেন্দু অধিকারী জানান, বেকার যুবক-যুবতীদের সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে আর নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে না। আবেদন সংক্রান্ত যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে আর্থিক চাপ কমবে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে নিয়োগ এবং বেকারত্বের বিষয়টি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম অংশ ছিল। ক্ষমতায় এলে নতুন করে নিয়োগের সুযোগ তৈরি করা হবে বলে প্রচারে জানিয়েছিলেন বিজেপি নেতারা। সেই মতো সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই চাকরির পরীক্ষায় আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমাও বাড়ানো হয়। এবার সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য আর কোনও ফি দিতে হবে না বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।







