ওয়েব ডেস্ক : নতুন বছরের শুরুতেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হচ্ছে ‘ভরসা’ (Bhorosa Scheme) প্রকল্প। জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে বলে সোমবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adikari)। আপাতত স্নাতক এবং সরকারি কলেজে ভোকেশনাল ট্রেনিংপ্রাপ্তরা মাসে ২ হাজার টাকা করে পাবেন। অন্যদিকে, স্নাতক নন এমন যোগ্য প্রার্থীদের জন্য মাসিক ভাতার পরিমাণ ১ হাজার ৫০০ টাকা। প্রথম পর্যায়ে ১৫ মাস এই হারে টাকা দেওয়া হবে।
প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আগে স্নাতকদের মাসে ৩ হাজার টাকা এবং স্নাতক নন এমনদের ২ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছিল সরকার। তবে আপাতত সেই অঙ্ক কার্যকর হচ্ছে না। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সরকার এসেছে ৬ মাস হয়েছে মোটে। তার মাঝে আগে দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অনেকটা অংশ মেটাতে হয়েছে। তাতে অনেকটা খরচ হয়েছে।” তাঁর ঘোষণা, আগামী ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আগের প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার অঙ্ক বাড়ানো হবে।
আরও খবর : রাজ্যে ১০ হাজার ১৪৬ পদে নিয়োগের সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী
এবার ‘ভরসা’ প্রকল্পের আওতায় স্নাতকদের পাশাপাশি কারিগরি শিক্ষার প্রশিক্ষণপ্রাপ্তদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত রয়েছে। একটি পরিবারের সর্বোচ্চ দু’জন এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। যাঁরা অন্নপূর্ণা বা অন্য কোনও সরকারি ভাতা পান, তাঁরা ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পাবেন না।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিলেন। ক্ষমতার পরিবর্তনের পর সেই প্রকল্প বন্ধ হয়ে যায়। এবার তার পরিবর্তে ‘ভরসা’ প্রকল্প চালুর সিদ্ধান্ত নিল নতুন সরকার। জানুয়ারি থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।







