HomeScrollসরকারি হাসপাতাল চত্বরে আর ঢুকতে পারবেন না হকার-ফেরিওয়ালারা? সোমবারই জারি নির্দেশিকা, কী...
Government Hospital

সরকারি হাসপাতাল চত্বরে আর ঢুকতে পারবেন না হকার-ফেরিওয়ালারা? সোমবারই জারি নির্দেশিকা, কী কারণে এই সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের?

কলকাতা: সরকারি হাসপাতাল চত্বরে হকার ও ফেরিওয়ালাদের অবাধ যাতায়াত বন্ধ করতে উদ্যোগী হল রাজ্য স্বাস্থ্য দফতর। সোমবার রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উদ্দেশে জারি হয়েছে নতুন নির্দেশিকা। বহির্বিভাগ থেকে অন্তর্বিভাগ, এমনকি রোগীদের পরিষেবা দেওয়ার নির্দিষ্ট এলাকাতেও বিনা অনুমতিতে বহিরাগত হকার ও ফেরিওয়ালাদের প্রবেশ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। স্বাস্থ্য ভবনের এই নির্দেশিকাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

 

ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। চিকিৎসক তথা মেডিক্যাল এডুকেশনের সুপারিনটেনডেন্ট ইন্দ্রজিৎ সাহা রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানে দ্রুত এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছেন। নিয়ম বাস্তবায়নে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।

 

কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? হাসপাতাল চত্বরে নিরাপত্তা বজায় রাখা, রোগী ও তাঁদের পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। পাশাপাশি হাসপাতালের ভিতরে বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করাও স্বাস্থ্য দফতরের অন্যতম লক্ষ্য।

 

তবে এই সিদ্ধান্ত নিয়ে আপত্তিও উঠেছে। মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক তথা নেতা অনিকেত মাহাতোর বক্তব্য, পরিচ্ছন্নতা অবশ্যই জরুরি। কিন্তু সরকারি হাসপাতালে আসা বহু দরিদ্র মানুষের কাছে হকারদের কাছ থেকে খাবার বা প্রয়োজনীয় সামগ্রী কেনার সুযোগ গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রসূতি মা ও শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্রের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে এই নিষেধাজ্ঞা তাঁদের সমস্যায় ফেলতে পারে।

 

অন্য দিকে, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায়ের মতে, নির্দেশিকায় মূলত বহির্বিভাগ (ওপিডি) এবং অন্তর্বিভাগ (আইপিডি) এলাকায় এই বিধিনিষেধের কথা বলা হয়েছে।

 

এখন প্রশ্ন, নির্দেশিকা বাস্তবে কতটা কার্যকর হয় এবং হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সাধারণ রোগীদের অসুবিধা এড়ানো যায় কি না। নজর থাকবে সেদিকেই।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News