ওয়েব ডেস্ক : ভারত ও চীন-সহ ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক (Tariffs) চাপানোর প্রস্তাব দিল আমেরিকা (America)। সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত আমদানি শুল্ক চাপানোর পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান-সহ একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্য সহযোগী দেশ। তবে এই শুল্ক এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। কবে থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দফতর বা ইউএসটিআর ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারায় এই পদক্ষেপের প্রস্তাব করেছে। ১৬টি বাণিজ্য সহযোগীর বিরুদ্ধে আট মাস ধরে চলা তদন্তের পর এই সিদ্ধান্তের কথা সামনে এসেছে। আমেরিকার অভিযোগ, সংশ্লিষ্ট দেশগুলির অতিরিক্ত উৎপাদন, সরকারি ভর্তুকি এবং বিভিন্ন বাণিজ্যিক বাধার কারণে মার্কিন সংস্থাগুলি প্রতিযোগিতায় সমস্যার মুখে পড়ছে।
নতুন প্রস্তাবে চীন ও ভিয়েতনামের পণ্যে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর কথা বলা হয়েছে। চীনের কিছু পণ্যের ক্ষেত্রে আগের শুল্কের সঙ্গে নতুন ২০ শতাংশ যোগ হলে মোট শুল্কের হার ৪৫ শতাংশে পৌঁছতে পারে। অন্য দেশগুলির ক্ষেত্রে প্রস্তাবিত শুল্কের হার ১০ থেকে ১৮ শতাংশের মধ্যে।
আরও খবর : আমেরিকার কৃত্রিমমেধা তথ্যপ্রযুক্তি সংস্থা এনভিডিয়ার সিইও পদে ফিরছেন জেনসেন হুয়াং
এই তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড এবং থাইল্যান্ডও। পাশাপাশি ব্রাজিলের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব রয়েছে। দেশটির চিনি আমদানিতে বেশি কর এবং বিমান আমদানিতে নতুন ১০ শতাংশ শুল্ক চাপানোর পরিকল্পনা করেছে ওয়াশিংটন।
আমেরিকার দাবি, সস্তায় পণ্য আমদানির ফলে দেশীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মার্কিন বাণিজ্য ঘাটতিও বছরে এক লক্ষ কোটি ডলারের বেশি হয়েছে। সেই পরিস্থিতি সামাল দিতে এবং দেশীয় উৎপাদন শিল্পকে সুরক্ষা দিতেই নতুন শুল্কের পরিকল্পনা। তবে এই প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছে চীন। দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ কোনও পক্ষের স্বার্থ রক্ষা করবে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষেই সওয়াল করেছে বেজিং।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে সার্বিক শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতায় বাধা দেয়। এরপর শুল্ক সংক্রান্ত নতুন আইনি পথ খুঁজছে মার্কিন প্রশাসন।







