ওয়েব ডেস্ক : এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার ভোটার তালিকার তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে উদ্যোগী নির্বাচন কমিশন (Election Commissiom)। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটার তালিকায় থাকা তথ্যের সঙ্গে সংশোধন প্রক্রিয়ায় জমা পড়া নথির অমিল মিলিয়ে দেখতে হবে। কোনও অসঙ্গতি নজরে এলে সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে সরেজমিনে যাচাই করবেন বুথস্তরের আধিকারিক বা বিএলও।
ভোটারের নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবিতে কোনও ভুল থাকলে তা সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বয়ংক্রিয় পরিচয় শনাক্তকরণ ব্যবস্থার ভিত্তিতে একতরফা কোনও পরিবর্তন করা যাবে না। ভোটারের স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরেই সংশোধনের কাজ সম্পন্ন করতে হবে।
কমিশনের প্রকাশিত হিসাব অনুযায়ী, বিহারের পর ১২টি রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬.৫ কোটি নাম মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট হিসেবে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে তথ্যগত অসঙ্গতির কারণে বাদ পড়েছে প্রায় ২৭ লক্ষ নাম। বাদ পড়া ভোটারদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত আপিল ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ রয়েছে। কমিশনের বক্তব্য, ভোটার পরিচয়পত্রের তথ্যও আধার বা প্যান কার্ডের মতো নির্ভুল রাখা জরুরি।
নির্বাচন কমিশনের মতে, ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেক ব্যক্তির সমস্ত তথ্য সঠিক হওয়া প্রয়োজন। সেই কারণেই এবার শুধু ভোটারের পরিচয় যাচাই নয়, নথিভুক্ত প্রতিটি তথ্যের নির্ভুলতার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে।







