HomeScrollভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব, মার্কিন নোটিস খতিয়ে দেখছে কেন্দ্র
US Tariffs

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব, মার্কিন নোটিস খতিয়ে দেখছে কেন্দ্র

ভারতের উপর ২৫ শতাংশের ‘শুল্কখাঁড়া’ ট্রাম্পের, মার্কিন দাবি খারিজ করে মুখ খুলল মোদি সরকার

ওয়েব ডেস্ক : ভারতের উপর নতুন করে শুল্কের (Tariffs) বোঝা চাপানোর পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। বুধবার ভারতীয় পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব সামনে এনেছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারায় তদন্তের পর এই প্রস্তাব দেওয়া হয়েছে। পাল্টা ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, মার্কিন বিজ্ঞপ্তি খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে আমেরিকার অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগ সরাসরি খারিজ করেছে নয়াদিল্লি। কেন্দ্রের বক্তব্য, ভারতের কোনও ক্ষেত্রেই কাঠামোগতভাবে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত সেই চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী ভারত।

মার্কিন প্রশাসনের অভিযোগ, মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে দেশীয় উৎপাদকদের বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বাজারে প্রবেশের বাধা, শ্রমিকদের সুরক্ষা এবং শিল্পনীতির বিষয়েও প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। তাদের দাবি, এর ফলে আমেরিকার উৎপাদক ও রফতানিকারীরা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ইস্পাত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে মার্কিন দফতর। ভারত ছাড়াও চীন, বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে চুক্তি স্বাক্ষরিত হলে ভারতের উপর প্রস্তাবিত শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৭ শতাংশ করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর। এই শুল্ক আগের ১০ শতাংশের পরিবর্তে কার্যকর হওয়ার কথা। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতায় ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার কথা হয়েছিল। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টের শুল্ক সংক্রান্ত রায়ের পর সেই সমঝোতা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়। আগামী ২৫ জানুয়ারি প্রস্তাবিত শুল্ক নিয়ে প্রকাশ্য শুনানির আয়োজন করেছে আমেরিকা। ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বার্তা দিয়েছে নয়াদিল্লি। ফলে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক প্রস্তাব ভারত-মার্কিন সম্পর্কের বাণিজ্যিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

[youtube-feed feed=1]
Read More

Latest News