ওয়েব ডেস্ক : দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান হতে চলেছে জেট এয়ারওয়েজের (Jet Airways) কর্মীদের। সংস্থার প্রাক্তন কর্মীদের বকেয়া গ্র্যাচুইটি সুদ-সহ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল বা এনসিএলএটি (NCLAT)। আগামী দু’সপ্তাহের মধ্যে এই অর্থ পরিশোধ করতে হবে। সব মিলিয়ে গ্র্যাচুইটির অঙ্ক প্রায় ৪৮০ কোটি টাকা হতে পারে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই নির্দেশকে কর্মীদের বড় জয় হিসেবেই দেখা হচ্ছে।
ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, গ্র্যাচুইটির টাকা সরাসরি সংশ্লিষ্ট কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে। অন্যদিকে, প্রভিডেন্ট ফান্ড বা পিএফের বকেয়া অর্থ নির্দিষ্ট পিএফ দফতরের মাধ্যমে কর্মীদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা করতে হবে। পাঁচ বছর বা তার বেশি সময় কাজ করলে নিয়ম অনুযায়ী কর্মীরা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হন। শেষ পাওয়া বেতনের ভিত্তিতে এই অর্থের হিসাব করা হয়। পিএফের ক্ষেত্রে কর্মী ও নিয়োগকারী সংস্থা, দু’পক্ষই প্রতি মাসে মূল বেতনের ১২ শতাংশ করে জমা দেয়।
২০১৯ সালের এপ্রিল মাসে আর্থিক সঙ্কটের কারণে পরিষেবা বন্ধ করে দেয় জেট এয়ারওয়েজ। এরপর সংস্থার ভবিষ্যৎ এবং কর্মীদের পাওনা নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলে। ২০২৪ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট সংস্থার সম্পত্তি বিক্রি করে দায় মেটানোর নির্দেশ দেয়। ঋণদাতাদের সম্পূর্ণ পাওনা না মিটিয়েই মালিকানা হস্তান্তরের পরিকল্পনাকে আদালত বাতিল করে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এনসিএলএটির নির্দেশে এবার কর্মীদের গ্র্যাচুইটি পাওয়ার পথ খুলল। আপাতত দু’সপ্তাহের মধ্যে টাকা মেটানোর নির্দেশ ঘিরে আশার আলো দেখছেন দীর্ঘদিন ধরে পাওনার অপেক্ষায় থাকা কর্মীরা।







