HomeBig newsবাংলার সড়ক পরিকাঠামোয় ২৭ হাজার কোটির বরাদ্দ! কলকাতা থেকে শিলিগুড়ি, একাধিক বড়...
Nitin Gadkari

বাংলার সড়ক পরিকাঠামোয় ২৭ হাজার কোটির বরাদ্দ! কলকাতা থেকে শিলিগুড়ি, একাধিক বড় প্রকল্পের ঘোষণা

আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের লক্ষ্যমাত্রা। কোলাঘাট থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি।

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোর উন্নয়নে প্রায় ২৭ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari )। বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। আগামী পাঁচ বছরে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তাঁর বার্তা, রাজ্যের উন্নয়নের জন্য যত প্রকল্পের দাবি জানানো হবে, কেন্দ্র ততটাই সহযোগিতা করবে। আগামী দিনে বাংলার রাস্তা আমেরিকার উন্নত সড়ক ব্যবস্থার মতো হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিন ২ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে তৈরি ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট-ডানকুনি অংশের ছয় লেনের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন হয়। পাশাপাশি ৫২১ কোটি টাকা ব্যয়ে ফরাক্কায় গঙ্গার উপর নির্মিত চার লেনের সেতুও চালু করা হয়। নতুন সেতুর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। এছাড়া আরও একাধিক প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও খবর :  ভোরে শীতের আমেজ, দুপুরে উষ্ণতা! কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

এদিন আরও ২২টি সড়ক প্রকল্পের শিলান্যাস করা হয়। ঘোষিত প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ কলকাতার ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড। প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। কোনা, বেলঘরিয়া, কল্যাণী-সহ কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার মধ্যে সংযোগ তৈরি হবে এই সড়কের মাধ্যমে। অন্যদিকে, শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে নেপাল, ভুটান ও বাংলাদেশের সড়ক যোগাযোগ আরও উন্নত হতে পারে। বন্দর এলাকার পণ্য পরিবহণ সহজ করতে হুগলি নদীর তলায় জোড়া সুড়ঙ্গ তৈরির প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে বন্দরে ২৪ ঘণ্টা পণ্যবাহী গাড়ি যাতায়াতের ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ের সঙ্গে দুর্গাপুরের সংযোগ, জোকা-নামখানা চার লেনের রাস্তা এবং ফলতা-বাগনান সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলায় আরও একাধিক সড়ক ও সেতু প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। চাউলখোলা-অলংকারপুর সড়কের সম্প্রসারণ ও রামনগর বাইপাসের জন্য ৮১২.৫০ কোটি টাকা, ঠাকুরনগর-নাচিন্দা জাতীয় সড়কের উন্নয়নে ৪৬৯.৩৫ কোটি টাকা এবং নামখানা-বকখালি সড়কের জন্য ২৩৭.৩৭ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়েছে। বীরভূমের ভীমগড়-মল্লারপুর, মল্লারপুর-নলহাটি ও সুরুল-মল্লারপুর অংশের পাশাপাশি বর্ধমান-কাটোয়া, মন্তেশ্বর-দাঁইহাট এবং রঘুনাথপুর-চন্দনকিয়ারি সড়কের উন্নয়নও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত। নরঘাটে সেতু নির্মাণ এবং আরামবাগে দ্বারকেশ্বর নদীর উপর কালীপুর-দৌলতপুর সংযোগকারী সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যানজট ও দুর্ঘটনা কমাতে বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর রুটে ২০টি এবং বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা রুটে ২৫টি ভেহিকুলার আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। ১৯ নম্বর জাতীয় সড়কে বরওয়াড্ডা-পানাগড় ১২টি ভেহিকুলার আন্ডারপাস। ১২ নম্বর জাতীয় সড়কে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নতিও এর মধ্যে রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News