ওয়েব ডেস্ক : শেয়ারবাজারে ফের বড় সাফল্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE)। বৃহস্পতিবার ২৬ নভেম্বর সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় ৩.৫ শতাংশ বেড়ে পৌঁছে গেল নতুন রেকর্ড উচ্চতায়। এই উত্থানের জেরে বিশ্বের তালিকাভুক্ত স্টক এক্সচেঞ্জগুলির মধ্যে বাজারমূল্যের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে এনএসই। পিছনে পড়ে গিয়েছে জার্মানির ডয়চে বোর্স এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ।
বৃহস্পতিবার বাজার খোলার সময় এনএসই (NSE)-র শেয়ারের দাম ছিল ২,৩১৭.৬৫ টাকা। লেনদেন চলাকালীন তা বেড়ে ২,৪০০ টাকায় পৌঁছয়। এর ফলে সংস্থার বাজারমূল্য প্রায় ৬ লক্ষ কোটি টাকা বা ৬৪.১ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে যায়। তুলনায় ডয়চে বোর্সের বাজারমূল্য ৬৩.৪ বিলিয়ন ডলার এবং লন্ডন স্টক এক্সচেঞ্জের বাজারমূল্য ৬২.৪ বিলিয়ন ডলার। ফলে আন্তর্জাতিক বাজারে এনএসইর অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
বিশ্বের স্টক এক্সচেঞ্জগুলির মধ্যে বাজারমূল্যের নিরিখে এখন এনএসইর আগে রয়েছে শুধু সিএমই গ্রুপ এবং ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ বা আইসিই। সিএমই গ্রুপের বাজারমূল্য প্রায় ১১১.৬ বিলিয়ন ডলার। আইসিইর মূল্যায়ন প্রায় ৯৯.৪ বিলিয়ন ডলার। অন্যদিকে নভেম্বর মাসজুড়েই এনএসইর শেয়ারে ধারাবাহিক বৃদ্ধি দেখা গিয়েছে। চলতি মাসের ১৮টি লেনদেনের দিনের মধ্যে ১৪ দিনই শেয়ারটি ঊর্ধ্বমুখী অবস্থায় বন্ধ হয়েছে।
তালিকাভুক্তির পর সর্বনিম্ন ১,৬৪০ টাকায় নেমে যাওয়ার পর থেকে এনএসইর শেয়ারের দাম প্রায় ৫০ শতাংশ পুনরুদ্ধার করেছে। উল্লেখযোগ্যভাবে, এই দাম সংস্থার আইপিওর ১,৭৮৫ টাকার ইস্যু মূল্যেরও নীচে ছিল। এরপর অক্টোবর মাসে শেয়ারের দাম প্রায় ৩৪ শতাংশ বৃদ্ধি পায়। চলতি মাসের শেষ দিকের টানা উত্থান সেই গতিকে আরও জোরদার করেছে।







