HomeScrollদেশে ফিরে যান, নইলে চাকরি ছাড়ুন! আইবিএমের নির্দেশে বিপাকে আমেরিকায় কর্মরত ভারতীয়রা
IBM Ends Visa Sponsorship

দেশে ফিরে যান, নইলে চাকরি ছাড়ুন! আইবিএমের নির্দেশে বিপাকে আমেরিকায় কর্মরত ভারতীয়রা

২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অন্য দেশে বদলি অথবা চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে হবে প্রভাবিত কর্মীদের

ওয়েব ডেস্ক : আমেরিকায় কর্মরত হাজার হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি পেশাদারের সামনে নতুন অনিশ্চয়তা তৈরি হল। আইবিএমের (IBM) কনসাল্টিং বিভাগে অধিকাংশ পদের জন্য এইচ-১বি ভিসা এবং গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। প্রভাবিত কর্মীদের বলা হয়েছে, তাঁরা চাইলে আমেরিকার বাইরে অন্য দেশে বদলি হয়ে কাজ চালিয়ে যেতে পারেন। অন্যথায় ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি ছাড়তে হবে। আইবিএমের এই সিদ্ধান্তে বিশেষভাবে উদ্বেগে রয়েছেন সেই কর্মীরা, যাঁরা কর্মসূত্রে আমেরিকায় রয়েছেন এবং স্থায়ী বসবাসের অনুমতির অপেক্ষায়।

আইবিএম (IBM) কনসাল্টিং সংস্থাটির অন্যতম বৃহৎ বিভাগ। বিশ্বজুড়ে এই বিভাগে কর্মীর সংখ্যা দেড় লক্ষেরও বেশি। তবে ঠিক কতজন কর্মী এই সিদ্ধান্তের আওতায় পড়বেন, তা এখনও জানায়নি সংস্থা। কর্মীদের হাতে বিকল্প বেছে নেওয়ার জন্য প্রায় তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিদেশে বদলির প্রস্তাব গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মীরা তিন মাসের বেতন-সহ ক্ষতিপূরণ পেতে পারেন। তবে এই সিদ্ধান্ত আইবিএমের সমস্ত ব্যবসায়িক বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপাতত কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রেই এই পরিবর্তন আনা হচ্ছে।

আরও খবর :  কায়রোয় তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, মৃত অন্তত ৩১

কেন এই সিদ্ধান্ত? তার ব্যাখ্যায় আইবিএম জানিয়েছে, ব্যবসার প্রয়োজন এবং দক্ষ কর্মীর প্রাপ্যতায় পরিবর্তন এসেছে। আগে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে আমেরিকার উচ্চদক্ষতাসম্পন্ন কর্মী ভিসা ব্যবস্থার উপর নির্ভর করত সংস্থা। কিন্তু গত কয়েক বছরে এই কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমেছে। অন্যদিকে, আইবিএমের কনসাল্টিং ব্যবসার বৃদ্ধিও ২০২৪ সাল থেকে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বিদেশে বদলি হতে আগ্রহী কর্মীদের কাছে ভারত গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠতে পারে। ১৯ নভেম্বর সংস্থার কেরিয়ার পোর্টালে আমেরিকার বাইরে কনসাল্টিং বিভাগের ১,২৭৮টি শূন্যপদ ছিল। তার মধ্যে ১,১২৫টি পদই ভারতে। তবে এই পদগুলির সঙ্গে প্রভাবিত কর্মীদের বর্তমান দায়িত্ব ও বেতন কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, তা স্পষ্ট নয়।

আমেরিকার অভিবাসন নীতিতে কড়াকড়ির আবহেই আইবিএমের এই পদক্ষেপ। এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন সংস্থাগুলি বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগ করতে পারে। ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের একটি বড় অংশ এই ব্যবস্থার সুবিধা পান। কিন্তু সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত নিয়মে পরিবর্তন এবং নিয়োগকর্তাদের উপর বাড়তি নজরদারির কারণে পরিস্থিতি জটিল হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা এবং সমস্যা সমাধানের মতো দক্ষতা ভবিষ্যতের চাকরির বাজারে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News