স্কুলে হাজিরা নেওয়ার প্রচলিত পদ্ধতিতে এবার বড়সড় বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। শিক্ষকদের পাশাপাশি এ বার থেকে ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে হবে। নতুন বছরের শুরুতেই রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে। ২ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর করার কথা জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তার আগে ডিসেম্বর মাস থেকেই পরীক্ষামূলক ভাবে বা পাইলট প্রজেক্টের মাধ্যমে এই ব্যবস্থা চালু করা হবে।
কী ভাবে নেওয়া হবে হাজিরা? জানা যাচ্ছে, স্কুলে চালু হতে চলেছে এআই-নির্ভর ফেস রিকগনিশন বা মুখ শনাক্তকরণ প্রযুক্তি। অর্থাৎ, পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের ছবি তুলে তাঁদের উপস্থিতি নথিভুক্ত করা হবে। সেই সংক্রান্ত তথ্য শুধু স্কুলের কাছেই সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে বিকাশ ভবন তথা সংশ্লিষ্ট সরকারি দফতরেও। ফলে কোন পড়ুয়া বা শিক্ষক স্কুলে উপস্থিত রয়েছেন, তার ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকবে।
এত দিন রাজ্যের স্কুলগুলিতে খাতায়-কলমেই হাজিরা নেওয়ার প্রচলন ছিল। প্রতিদিন রোল কল করতে গিয়ে বেশ কিছুটা সময় ব্যয় হত। রাজ্যে প্রায় ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়া এবং ৪ লক্ষ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এত বিপুল সংখ্যক পড়ুয়া ও শিক্ষকের উপস্থিতির হিসাব রাখতে ডিজিটাল ব্যবস্থার উপরেই জোর দিচ্ছে রাজ্য সরকার।
এই নতুন উদ্যোগের পিছনে রয়েছে স্কুলে পড়ুয়াদের অনিয়মিত উপস্থিতি এবং নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগ। সরকারের বক্তব্য, অনেক পড়ুয়াই নিয়মিত স্কুলে আসছে না। আবার কোথাও কোথাও শিক্ষকরা ঠিকমতো ক্লাস নিচ্ছেন না বলেও অভিযোগ ওঠে। বায়োমেট্রিক হাজিরার মাধ্যমে এই সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, মূলত পড়ুয়াদের স্কুলে উপস্থিতি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর মতে, শিক্ষক-শিক্ষিকাদের সান্নিধ্যে না এলে পড়াশোনায় পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই স্কুলে উপস্থিতির বিষয়টি আরও সুনির্দিষ্ট ভাবে নথিভুক্ত করতে চাইছে রাজ্য সরকার।







