ওয়েব ডেস্ক : রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিআর গভাই চিঠি লিখলেন। বিচার ব্যবস্থায় নিয়োগ এবং বদলির নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিআর গভাই (B. R. Gavai)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) তিনি লিখেছেন, সাম্প্রতিক কলেজিয়াম যে নিয়োগ এবং বদলির সুপারিশ করেছে, তা পক্ষপাতদুষ্ট। সুপারিশে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। একইসঙ্গে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির অভিযোগ কলোজিয়ামের সুপারিশে মেধা, বহুত্ববাদ এবং বৈচিত্রকে গুরুত্ব দেওয়া হয়নি। আর এ নিয়ে চিন্তিত, উদ্বিগ্ন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিআর গভাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ দাবি করেছেন। তিন পাতার চিঠিতে তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন।
লিখেছেন, দেশের মোট জনসংখ্যার পাঁচ শতাংশের প্রতিনিধিত্ব করেন এ রকম নাগরিকদের সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া হচ্ছে। শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে যে বিচারপতিকে আগে বদলি করা হয়েছে, তাঁকেই গুরুত্বপূর্ণ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হচ্ছে।
আরও খবর : দেড়শো থেকে ২০০ কোটি টাকার প্রস্তাব! আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শিবসেনা নেতা
পাতায় পাতায় একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিআর গভাই। লিখেছেন, অত্যন্ত যোগ্য, বুদ্ধিদীপ্ত বিচারপতিদের বদলি করা হচ্ছে তুলনামূলক ভাবে কম গুরুত্বপূর্ণ ছোট হাই কোর্টে। সেই জায়গায় অন্যকে সুযোগ দেওয়া হচ্ছে। কলোজিয়ামের সাম্প্রতিক সুপারিশে প্রান্তিক সম্প্রদায়, সংখ্যালঘু, মহিলাদের কথা ভাবা হয়নি। এমনকি অনেক এগিয়ে থাকা সম্প্রদায়কেও সুযোগ দেওয়া হয়নি বলে চিঠিতে লিখেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিআর গভাই। রাষ্ট্রপতিকে লেখা চিঠি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে কপিতে রেখেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিআর গভাই।







