ধীরে বদলাচ্ছে বাংলার আবহাওয়া। রাতের তাপমাত্রা কমতে শুরু করায় শীতের আমেজ বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে নতুন করে কৌতূহল। তা হলে কি ফের বৃষ্টিতে ভিজবে কলকাতা? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
কলকাতার আবহাওয়া
শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সকালে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়লে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক হবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পাহাড়ি ও সমতলের তাপমাত্রার মধ্যে পার্থক্য স্পষ্ট। শুক্রবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, কোচবিহারে পারদ নেমেছিল ১৩.৬ ডিগ্রিতে।
কবে জাঁকিয়ে পড়বে শীত?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দুই বঙ্গের রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ৪ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। ফলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।







