HomeBig news‘নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় বার্তা মোদির
PM Modi

‘নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় বার্তা মোদির

সংসদের বিশেষ অধিবেশনের আগে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার আশ্বাস প্রধানমন্ত্রীর। বিরোধীদের আপত্তির মধ্যেই বিল নিয়ে নতুন করে সক্রিয় কেন্দ্র।

ওয়েব ডেস্ক : মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা নিয়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Modi)। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি জানালেন, সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণে তাঁর সরকার বদ্ধপরিকর। নারীশক্তিকে দেওয়া কথা রাখতে প্রয়োজনীয় সব বাধা সরানোর আশ্বাসও দিয়েছেন তিনি।

ভিডিও বার্তায় মোদি বলেন, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের দাবি দীর্ঘদিনের। এই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনিও সামিল ছিলেন। নারীশক্তিকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর পথে যে বাধাই আসুক, তা দূর করার চেষ্টা করা হবে।

আরও খবর :  পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধী শিবিরে বৈঠক, হাজির রাহুল-প্রিয়াঙ্কা-অভিষেক, অনুপস্থিত এনসিপি-এসপি

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠেও। তিনি জানান, নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৩২তম সংবিধান সংশোধনী বিল অনুমোদন করেছে। এর ফলে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হওয়ার পথে বলে দাবি করেন তিনি। এই উদ্যোগকে ঐতিহাসিক আখ্যা দিয়ে সমস্ত রাজনৈতিক দলের কাছে বিলটিকে সমর্থনের আবেদন জানিয়েছেন শাহ।

তবে মহিলা সংরক্ষণ কার্যকর করার পদ্ধতি নিয়েই কেন্দ্র ও বিরোধীদের মধ্যে মতবিরোধ রয়েছে। ২০২৩ সালে পাশ হওয়া নারীশক্তি বন্দন অধিনিয়মে ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হলেও, তা কার্যকর করার সঙ্গে জনগণনা ও সীমানা পুনর্বিন্যাসের বিষয়টি যুক্ত রয়েছে। কেন্দ্রের নতুন প্রস্তাবে লোকসভা ও রাজ্য বিধানসভায় আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন আসন বিন্যাস অনুযায়ী ২০২৯ সালের লোকসভা নির্বাচনে মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্য নিয়েছে সরকার। অন্যদিকে, বিরোধীদের দাবি, আসন পুনর্বিন্যাসের অপেক্ষা না করে বর্তমান ৫৪৫ আসনের লোকসভাতেই ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করা হোক।

আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। লোকসভায় ৩০ নভেম্বর এবং রাজ্যসভায় ২ ডিসেম্বর থেকে অধিবেশনের কাজ চলবে। ৩ ডিসেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে। সোমবার লোকসভায় নতুন সংবিধান সংশোধনী বিল পেশ করার কথা কেন্দ্রের। প্রস্তাবে লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৮৫০ করার পাশাপাশি রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৬৫০ করার কথা বলা হয়েছে। সংশোধিত আসন বণ্টন ও নির্বাচনী এলাকার সীমানা ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার প্রস্তাবও রয়েছে। এই পরিস্থিতিতে মহিলা সংরক্ষণ ও সীমা পুনর্বিন্যাস—দুই ইস্যুতেই সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News