HomeBig newsথানার ভিতরেই জাল হলফনামা তৈরির অভিযোগ! ভিডিয়ো প্রকাশ করে বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee

থানার ভিতরেই জাল হলফনামা তৈরির অভিযোগ! ভিডিয়ো প্রকাশ করে বিস্ফোরক অভিষেক

কালনা থানার ভিডিয়ো প্রকাশ করে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে জাল হলফনামা তৈরির অভিযোগ, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি

ওয়েব ডেস্ক : জোড়াফুল প্রতীকের অধিকার নিয়ে তৃণমূলের দুই শিবিরের সংঘাত এবার নতুন মাত্রা পেল। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একাধিক ভিডিয়ো প্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের পক্ষে ভুয়ো হলফনামা তৈরি করা হয়েছে। এই কাজে পুলিশের একাংশকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। ভিডিয়োয় থানার ভিতরে বসে কয়েকজনকে নথি পূরণ করতে দেখা যাচ্ছে বলে দাবি করেছেন অভিষেক। (ভিডিও’র সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি)

ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক। সেখানেই প্রতীক সংক্রান্ত বিতর্কে নতুন অভিযোগ সামনে আনেন তিনি। তাঁর বক্তব্য, ঋতব্রত শিবিরের তরফে প্রায় ১০ লক্ষ হলফনামা জমা দেওয়ার কথা বলা হলেও, সেই নথির একটি বড় অংশের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে যাঁদের নামে হলফনামা তৈরি হয়েছে, তাঁরা বিষয়টি জানেনই না বলে দাবি করেন তৃণমূল সাংসদ। নোটারি সিল ও স্বাক্ষর নিয়েও জালিয়াতির অভিযোগ তুলেছেন তিনি। অভিষেকের প্রকাশ করা একটি ভিডিয়ো পূর্ব বর্ধমানের কালনা থানার বলে দাবি করা হয়েছে। সেখানে কয়েকজনকে মেঝেতে বসে কাগজে লেখালেখি করতে দেখা যায়। ভিডিয়োর কথোপকথনে কাজের জন্য আরও লোক প্রয়োজন বলে আলোচনা শোনা যাচ্ছে। অন্য একটি অংশে যে কোনও অঞ্চলের হলফনামা নিয়ে কাজ শুরু করার কথা বলতে শোনা যায় বলে দাবি অভিষেকের। তাঁর অভিযোগ, এইভাবে ভোটার তালিকা থেকে নাম, বাবার নাম ও ঠিকানা নিয়ে নথি তৈরি করা হয়েছে।

আরও খবর :  আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের খোলা চিঠি দিল ককরোচ জনতা পার্টি

এই ঘটনার পিছনে পুলিশের কয়েকজন কর্মী রয়েছেন বলে অভিযোগ করেছেন অভিষেক। তাঁর দাবি, পুলিশকর্মীদের মধ্যেই কেউ কেউ তাঁকে চিঠি লিখে গোটা বিষয়টি জানিয়েছেন। তদন্ত হলে প্রকৃত ঘটনা সামনে আসবে বলেও মন্তব্য করেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে জালিয়াতির মামলা করার দাবি জানিয়ে বিচারব্যবস্থার স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আবেদন করেছেন তৃণমূল সাংসদ। প্রয়োজন হলে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদে তৃণমূল সাংসদদের পরিচয় নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ, দল থেকে আলাদা হয়ে যাওয়া সাংসদদের এখনও সংসদের নথিতে তৃণমূলের সদস্য হিসেবে দেখানো হচ্ছে। অথচ তাঁদের অন্য রাজনৈতিক পরিচয় স্বীকৃতি পাচ্ছে না। পাশাপাশি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি, গ্রেফতারি এবং ভুয়ো মামলার অভিযোগও তোলেন অভিষেক। প্রতিমা মণ্ডলের এক সহযোগীর গ্রেফতারির প্রসঙ্গ তুলে দিল্লি যাওয়া নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News