HomeScrollসংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের তৎপরতা, জরুরি তলবে দিল্লি যাচ্ছেন মমতা
Mamata Banerjee

সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধীদের তৎপরতা, জরুরি তলবে দিল্লি যাচ্ছেন মমতা

আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা, বিরোধীদের কৌশল নির্ধারণে দিল্লিতে বৈঠক

ওয়েব ডেস্ক : সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধী শিবিরের তৎপরতা বাড়তেই তড়িঘড়ি দিল্লি রওনা হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দুপুরে ইন্ডিয়া জোটের একাধিক শীর্ষ নেতার কাছ থেকে জরুরি বার্তা পাওয়ার পরই রাজধানী যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কলকাতায় দলের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে আগে দিল্লি না যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মমতা। কিন্তু বিরোধী নেতাদের অনুরোধের পর নিজের সিদ্ধান্ত বদল করেন। তাঁর এই সফর ঘিরে সংসদের বিশেষ অধিবেশনের আগে বিরোধী শিবিরের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে নিজের বাসভবনের বাইরে সাংবাদিকদের মমতা জানান, শনিবার বিকেল ৩টের সময় তাঁর কাছে জরুরি বার্তা আসে। একাধিক প্রবীণ বিরোধী নেতা দ্রুত দিল্লিতে পৌঁছনোর অনুরোধ জানান। বিরোধী নেতারা তাঁর যাতায়াতের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থাও করতে চেয়েছিলেন। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তৃণমূল নেত্রী। সাধারণ যাত্রীবাহী বিমানে এয়ার ইন্ডিয়ার উড়ানে দিল্লি যাচ্ছেন বলে জানান তিনি। বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত না জেনে এখনই কোনও মন্তব্য করতে চাননি মমতা।

আরও খবর :  শুধু রাস্তা নয়, বদলাতে পারে মেট্রো স্টেশনের নামও!

আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করার সঙ্গে আসন পুনর্বিন্যাসকে যুক্ত করে নতুন সংবিধান সংশোধনী বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার। এই প্রস্তাব ঘিরে বিরোধী দলগুলির মধ্যে মতপার্থক্যও সামনে এসেছে। শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদচন্দ্র পওয়ার) প্রস্তাবিত বিলকে সমর্থনের কথা জানিয়েছে। অন্যদিকে, বিরোধী দলগুলির একাংশ বিলের কাঠামো ও আসন পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছে। সংসদে কী অবস্থান নেওয়া হবে, তা নিয়ে ইন্ডিয়া জোটের নেতারা নিজেদের মধ্যে আলোচনা করছেন

এ দিন বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হন মমতা। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৃণমূলের নেতা-কর্মীদের উপর চাপ তৈরি করা হচ্ছে। জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলকে রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক ফোন করে দিল্লি যেতে বা সংসদের অধিবেশনে যোগ দিতে নিষেধ করেছেন বলেও দাবি করেন তিনি। নির্মীয়মাণ তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের ব্যারিকেড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নেত্রী। তাঁর বক্তব্য, বাড়িতে অতিরিক্ত ভিড় হওয়ায় দলের কয়েকজন কর্মীকে ওই ভবন থেকে কাজ চালানোর কথা বলেছিলেন। কিন্তু পুলিশ তাঁদের বাধা দিচ্ছে। দিল্লি থেকে ফিরে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন মমতা।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News